বুলডোজার দেখিয়ে আমায় দমানো যাবে না – হুঁশিয়ারি অভিষেকের
বিজেপির আইনজীবী কাদের বলছেন নাম জমা দিন – অভিষেকের জবাবদিহি তলব হাইকোর্টের
৩৬৫ দিন। ফুটপাত দখল করে অবৈধভাবে কাঠামো বানিয়ে রাখার অভিযোগে কলকাতা পুরসভা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বুলডোজার নিয়ে গুঁড়িয়ে দিল অভিষেকের বাড়ির লাগোয়া ফুটপাতের কাঠামো। শুধু ফুটপাত নয়, রাস্তা আটকে তৈরি করা হয়েছিল তৃণমূলের শহিদ বেদি। সেই বেদিতে তৃণমূলের জোড়া ফুল প্রতীক দেওয়া পতাকাও ছিল। প্রথমে সেই পতাকা খুলে নেওয়া হয়। তারপর এই রাস্তার উপর থাক ওই বেদি ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে। যখন এই বেদি ভাঙার কাজ চলছে, সেই সময় ওই এলাকা ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়ির সামনে রয়েছে পটুয়া পাড়ায় ঢোকার গলির মুখ। সেই রাস্তার উপরই ছিল ওই শহিদ বেদিটি। যেহেতু রাস্তায় উপর ছিল এই বেদি, সেই কারণে পুরসভার কর্মীরা দাঁড়িয়ে থেকেই ওই বেদি ভেঙে দেন। ভেঙে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা পুলিশের কিয়স্কও। তারপর কালীঘাট রোড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজারটি।
তীব্র প্রতিবাদ অভিষেকের
পুরসভার এই অভিযানের পর ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কত বুলডোজার আনা হবে? তাতে আমার কণ্ঠ রোধ করা যাবে না। আমার সংকল্প ভাঙা যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এক পাও পিছিয়ে যাব না।
বিজেপির বিচারপতিদের নামের তালিকা দিন
বিচারপতিদের একাংশ পক্ষপাত মূলক ভাবে বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিষেক নিজের ফেসবুকে মন্তব্য করেছেন বলে অভিযোগ করে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওএর এজলাসে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে রাজ্য সরকার। হাইকোর্টের মধ্যেই অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট খুলে চালানো হয় অভিষেকের বক্তব্য সহ ভিডিও। রাজ্যের অভিযোগ, ওই ভিডিওতে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা সরাসরি বিচার বিভাগের মর্যাদাকে চ্যালেঞ্জ করে। রাজ্য সরকারের এই অভিযোগ অস্বীকার করে অভিষেকের আইনজীবী বলেন, আদানির মতো মামলা একদিনে শোনা হলেও তাঁর মক্কেলের নিরাপত্তা সংক্রান্ত মামলা তিন মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ার কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেখানেও কোনও চাপ কাজ করছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছে। এটা বলতে দ্বিধা নেই একটা ক্লাস বিজেপি কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কি ধরনের জুডিশিয়ারি? তখন অভিষেকের আইনজীবীর কাছে আদালত জানতে চান, কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন বিচারপতি তৃণমূলের? তার তালিকা দিন! আপনার সমস্যা আছে। এখানে রেমিডি না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে। ভ্যাকেশন বেঞ্চ ছিল।একজন সাধারণ মানুষ হলে আলাদা। তিনি তো সেটা নন।
অভিষেকের নিরাপত্তা নিয়ে রিপোর্ট তলব
অভিষেকের আইনজীবী আজ হাইকোর্টে অভিযোগ করেন অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন থ্রেট থাকা সত্ত্বেও এবং তিনি বারবার আক্রান্ত হওয়া সত্ত্বেও রাজ্য সরকার তার নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে। আদালত জানতে চায়, কবে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছে। রাজ্য উত্তরে জানিয়েছে, ১২ মে। অভিষেক যে পাঁচটি থ্রেট বা হুমকির কথা বলেছেন, সেটা নিয়ে জ্য়েন্ট কমিশনার সিকিউরিটি কেন পর্যালোচনা করলেন না? সেই প্রশ্নও তুলেছে আদালত। রিপোর্টে সেটার উল্লেখ নেই কেন? জানতে চেয়েছেন বিচারপতি। রাজ্যের উদ্দেশে আদালত বলে, কাকে কী নিরাপত্তা দেওয়া হবে সেটা আদালত বলবে না। কিন্তু মামলাকারী বলছে যে হামলা হয়েছে। সেটা পর্যালোচনা করা হয়নি। তাই আদালত জানতে চাইছে। রাজ্য জানায়, নভেম্বরের শেষে নিরাপত্তা নিয়ে রিভিউ করা হবে, তখন যে থ্রেট নিয়ে কথা বলা হচ্ছে, সেটা দেখা হবে। রাজ্যের উদ্দেশে তখন কলকাতা হাইকোর্ট বলে, মামলাকারীর সঙ্গে ইনসিডেন্ট হয়নি, তা নয়। যখন এমন হয়েছে, তখন কেন সেটা রিভিউ করা হবে না? কেন ছয় মাসের জন্য অপেক্ষা করতে হবে? উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি মামলার রায়দান স্থগিত রেখেছেন।
নির্বাচন কমিশনে ইমেইল অভিষেকের
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আইনজীবী মারফত ই-মেল করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে করেছেন ইমেল অভিষেকের আইনজীবী। নিজের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশনের উল্লেখ করে কমিশনকে ই-মেল করেছেন বলে জানা গিয়েছে।






