যুবভারতীতে জলসা, পিছিয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ম্যাচ

৩৬৫ দিন। রোহণ রায় চৌধুরী। ভারতীয় ফুটবল কেন বিশ্বমঞ্চে পিছিয়ে তার আরেকটা উদাহরণ হাতেনাতে পাওয়া গেল। যে দেশে ফুটবল নিয়ামক সংস্থা অর্থাৎ ফুটবল ফেডারেশনের নিজস্ব কোন মতামত নেই সেই দেশের ফুটবলের উন্নতির শিখরে পৌঁছানো কবে সম্ভব হবে জানা নেই। বিশ্বের নামকরা ফুটবল খেলিয়ে দেশে এরকমটা হয় বলেও জানা যায়নি। হয়তো এটা ভারত বলেই সম্ভব।
আইএসএলে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ। আগামী ২১ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭টায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ পিছিয়ে হবে আগামী বছর। সোশাল মিডিয়ায় আইএসএলের তরফ থেকে জানানো হয়েছে, সেই ম্যাচটি হবে ১২ জানুয়ারি। সময়ও বদলানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠান আছে। তাই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিরতি চলছে। ২০ নভেম্বর ফের মাঠে নামবে আন্তোনিও হাবাসের দল। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে হাবাস-বাহিনী। সেই যুদ্ধে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রায় ২০ দিন ম্যাচ পিছিয়ে গিয়েছে। আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে কারণ জানানো হয়নি। যদিও জানা গিয়েছে, দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত।তাতেও যাতে ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি না থাকে, তাই কনসার্টের দু’দিন পর ম্যাচ হবে না বলেই খবর। তাছাড়া ম্যাচের সময়ও বদলানো হয়েছে। ১২ ডিসেম্বর ম্যাচটি হবে বিকেল ৫টা থেকে। এছাড়া আইএসএলের অন্য তিনটি ম্যাচেরও সূচি বদলানো হয়েছে। ফুটবল সমর্থকদের মধ্যে এই নিয়ে কিছুটা বিরক্তি অবশ্যই আছে। কিন্তু না ইস্টবেঙ্গল ক্লাব, না ফেডারেশন, না ইন্ডিয়ান সুপার লিগ কমিটি এই নিয়ে অভিযোগ দায়ের করেছে। প্রত্যেকেই মেনে নিয়েছে ম্যাচ পিছিয়ে যাওয়ার ব্যাপারটা। কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দিনের শেষে এটা যে খুব একটা ভালো বিজ্ঞাপন নয় সেটা বলাই যায়। তবে আয়োজকরা আশাবাদী এই অনুষ্ঠানের কারণে মাঠের ক্ষতি হবে না। যথেষ্ট সাবধানতা বজায় রেখেই তারপর খেলা দেওয়া হবে।

Scroll to Top