৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ফুটবল অবশ্যই একটা দলগত খেলা। একজন বা দুজনের ওপর নির্ভরশীল হলে বিপদ হতে বাধ্য। কিন্তু মাঝে মাঝে এক একটা দলে এমন একজন খেলোয়াড় থাকেন যার অবদান বাকিদের থেকে বেশি হয়। যে খেলতে না পারলে দলকে চাপে পড়তে হয়। সেটাই হয়েছে ইস্টবেঙ্গলের এক নম্বর সেন্টার ব্যাক আনোয়ার আলির ক্ষেত্রে। তার থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কতটা শেষ দুটো ইস্টবেঙ্গলের খেলায় দেখেছেন সমর্থকরা। এসিএল টু’-তে আল শিবের বিরুদ্ধে খেলার সময় চোট পান আনোয়ার। এমআরআই রিপোর্টের পর জানা যায়, আনোয়ারের চোট বেশ ভালোরকম গুরুতর। যা পরিস্থিতি তাতে ৩-৪ সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। ফলে অন্তত গোটা তিনেক ম্যাচ তিনি মাঠের বাইরে থাকতে পারেন। এর মধ্যে রয়েছে এসসি দিল্লির বিরুদ্ধে আইএসএলের ম্যাচ, আল হুসেনের বিরুদ্ধে এসিএল টু-র ম্যাচ। ইস্টবেঙ্গলের ভাগ্য সুপ্রসন্ন না হলে ২৯ নভেম্বর ডার্বিতেও তাঁকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আনোয়ার-হীন লাল-হলুদ রক্ষণের সামনে ডার্বি যথেষ্টই চ্যালেঞ্জ হতে পারে।চোটের তালিকায় নাম লেখালেন জাতীয় দলের আরেক ইস্টবেঙ্গল ফুটবলার এডমুন্ড। চোটের জন্যই রবিবার জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড যেতে পারলেন না এডমুন্ড। এই মুহূর্তে বিশাল কাইথরা অকল্যান্ডে গিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি খেলতে। সেই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল এডমুন্ডের। একেবারে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। আপাতত আইএসএল বন্ধ থাকায় ইস্টবেঙ্গলের অনুশীলন ছুটি। ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন হাবাস। যেদিন ফের অনুশীলন শুরু হবে সেদিন যোগ দেওয়ার কথা এডমুন্ডেরও। ইস্টবেঙ্গলের সামনে এই মুহূর্তে এসিএল টু-র পরের রাউন্ডে যাওয়ার আশা কার্যত অবশিষ্ট নেই। খাতায় কলমে দুরূহ সমীকরণের হিসাব করতে হচ্ছে। এদিকে আগের ম্যাচ আইএসএলে লজ্জার হারের ফলে আইএসএলেও বেশ চাপে লাল-হলুদ শিবির। তবে লাল হলুদ কোচের নাম যখন লোপেজ হাবাস তখন এত সহজে দলের হাল তিনি ছেড়ে দেওয়ার লোক নন। ভারতীয় ফুটবলে সবচেয়ে সফল বিদেশি ম্যানেজার। কিভাবে আইএসএল চ্যাম্পিয়ন হতে হয় এই অংকটা তার থেকে ভালো অন্য কোন কোচ জানে না। এটা অতীতে প্রমাণ করেছেন তিনি। ইস্টবেঙ্গলে আবার করবেন না কে বলতে পারে? তবে এটা ঠিক আনোয়ার এবং এডমন্ড চোট পাওয়ার কারণে কিছুটা চিন্তায় পড়েছেন লাল হলুদ কর্তা এবং সমর্থকরা। হাবাস অবশ্য প্রকাশ্যে দলের দুর্বলতা মেনে নেওয়ার লোক নন। একজন পেশাদার ম্যানেজার এরকমই হন। তবে দেখার ব্যাপার কিভাবে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায় এবং নিজেদের চেনা ছন্দ ফিরে পায়।
ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াচ্ছে আনোয়ার, এডমন্ডের চোট!
ধৈর্য ধরতে বললেন হাবাস
- khabar365din
- November 10, 2026
- 1:15 pm
- No Comments





