কাপড় ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক!
উধাও লক্ষ লক্ষ টাকা

৩৬৫ দিন। সৌমেন ব্যানার্জী। দুর্গাপুর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গচ্ছিত ছিল জীবনের সমস্ত কষ্টার্জিত সঞ্চয়। ছোট্ট কাপড়ের ব্যবসা থেকে একটু একটু করে জমিয়েছিলেন ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ভেবেছিলেন, পুজোর পর সেই টাকা দিয়ে মহাজনদের পাওনা মিটিয়ে নিশ্চিন্ত হবেন। কিন্তু পুজো শেষ হতেই মাথায় হাত দুর্গাপুরের মালাকার পরিবারের। ব্যাঙ্কের পাশবই আপডেট করাতে গিয়ে দেখা যায়, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। বাকি ৫ লক্ষ ৪৭ হাজার টাকা উধাও। অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ছোট কাপড় ব্যবসায়ী অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকারের। শিল্পাঞ্চল দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা অন্নপূর্ণা মালাকার ও পরিমল মালাকার। তাঁদের ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে।
সেই ব্যবসা থেকেই সংসার চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করেছিলেন তাঁরা। নিজেদের কষ্টার্জিত সেই সঞ্চয় নিরাপদে রাখার আশায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা রেখেছিলেন সমস্ত টাকা। সম্প্রতি ব্যাঙ্কের পাশবই আপডেট করাতে গিয়েই চরম বিপত্তির কথা জানতে পারেন অন্নপূর্ণা মালাকার। পাশবইয়ের হিসাব দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। অ্যাকাউন্টে থাকার কথা ছিল লক্ষ লক্ষ টাকা, অথচ পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। উধাও হয়ে গিয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। কোথায় গেল এত টাকা? কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কীভাবেই বা অ্যাকাউন্ট থেকে উধাও হল এত বিপুল পরিমাণ অর্থ? একের পর এক প্রশ্নে কার্যত দিশাহারা পরিবার।অন্নপূর্ণা মালাকারের দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি। নিজে কোনও চেকের মাধ্যমে টাকা তোলেননি, এমনকী কাউকে টাকা তোলার অনুমতিও দেননি। অন্নপূর্ণা মালাকারের কথায়, “ব্যাঙ্কে গিয়ে জানতে পারি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারপর থেকে কী করব, খুঁজে পাচ্ছি না। এত টাকা চলে যাওয়ায় আমি সর্বস্বান্ত। পুলিশের কাছে অভিযোগ করেছি।”সাইবার বিভাগে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার বিভাগ।

Scroll to Top