৩৬৫ দিন। ‘বিলংগিং: এ জার্নি অফ লভ’- মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধির স্মৃতি কথা।কংগ্রেস সভানেত্রীর এই বই শুরু থেকেই বিতর্কে। সোনিয়া নিজেও আভাস দিয়েছিলেন তাঁর স্মৃতিকথা এমন সব তথ্য বা ঘটনাপুঞ্জ সামনে আনবে যা অনেক প্রশ্নের উত্তর দেবে আবার অনেক অপ্রিয় সত্য সামনে আনবে। ফলে স্মৃতি কথায় সোনিয়া কী লিখেছেন তা নিয়ে আগ্রহ ছিল তার ওপর বিজেপির এই স্মৃতিকথা নিয়ে খোঁচা, প্রকাশক ঘিরে টালমাটাল সোনিয়ার ভারতে ছয় দশকের যাপনের অজানা দিক নিয়ে আগ্রহ আরো বাড়ায়। প্রথম সন্তানের মৃত্যু, সঞ্জয় গান্ধির আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত হওয়া, ১৯৮৪ সালে ইন্দিরার হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীবের হত্যাকাণ্ড—পরিবারের একের পর এক ট্র্যাজেডি কী ভাবে তাঁর জীবনকে চিরতরে বদলে দিয়েছে, তার বিবরণও রয়েছে বইটিতে।
লুসিয়ানা থেকে ১০ জনপথ
সোনিয়া তাঁর আত্মজীবনীতে লিখছেন, রাজীব গান্ধির স্ত্রী হয়ে ১০ জনপথে প্রবেশের আগে পর্যন্ত তাঁর জীবন ছিল একেবারে অন্ত রকম। ইতালির লুসিয়ানার সেই জীবনে প্যাঁচ পয়জার, চোরাস্রোত, সম্পর্কের টানা পোড়েন কিছুই ছিল না কারণ সেখানে রাজনীতি ছিল না। দিল্লির জনপথে প্রবেশ থেকে তাঁর যে জীবনে নতুন মোড় এল তাকে সোনিয়া বলছেন ‘ভারতীয় অধ্যায়’। সোনিয়া অকপটে বলছেন, তিনি ভাবেননি কয়েক দশকের মধ্যে তাঁকে কেন্দ্র করে কংগ্রেস দলের রাজনীতি আবর্তিত হবে।তিনিই ক্রমশ হয়ে উঠবেন ‘ম্যাডাম’, গান্ধি পরিবার ও কংগ্রেস দলে তিনিই শেষ কথা হয়ে উঠবেন। সোনিয়া বলছেন, তিনি পরিস্থিতির শিকার। একের পর এক দুর্ঘটনা ঘটেছে তাঁর ভুমিকা বদলেছে দায়িত্ব বেড়েছে। রাজীবের প্রিয়তমা থেকে তিনি হয়ে উঠেছেন দুঁদে রাজনীতিক।
প্রথম সন্তানের মৃত্যু
জীবনে অনেক মৃত্যু দেখেছেন শোক পেয়েছেন কিন্তু সন্তান শোক তো সবের উর্ধ্বে। সোনিয়া সন্তান শোক-ও পেয়েছেন। ভুলতে পারেননি তাঁর প্রথম সন্তানকে। আত্মজীবনীতে এসেছে তাঁর প্রথম সন্তানের মৃত্যুর কথাও। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দু’মাস আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সোনিয়া। তবে সে আনন্দ স্থায়ী ছিল মাত্র একদিন। সনিয়া লিখেছেন, ‘‘শিশুটিকে ইনকিউবেটরে রাখার সময় তার প্রথম কান্না আমি শুনেছিলাম। পরে রাজীব আমাকে তাকে দেখাতে নিয়ে গেল— ছোট্ট ছেলে, মাথায় ঘন কালো চুল ও লম্বা সরু আঙুল। আমরা একসঙ্গে তার দিকে তাকিয়ে ছিলাম।’’ কিন্তু জন্মের পরেই চিকিৎসকেরা জানিয়েছিলেন শিশুটির বাঁচার সম্ভাবনা ক্ষীণ। পরের দিন সকালে সে মারা যায়। এর পরে মেহরাউলির পারিবারিক ফার্মহাউসে একটি বোগেনভিলিয়া ফুলের গাছের নীচে তাকে কবর দেওয়া হয়েছিল। সোনিয়ার কথায়, ‘‘আমি আর রাজীব যখনই সেখানে যেতাম, তাকে ফুল দিয়ে আসতাম।’’ সে সময় কিছু সংবাদমাধ্যম তাঁর প্রথম সন্তানের মৃত্যু নিয়েও কুরুচিকর সংবাদ প্রকাশ করেছিল বলে আত্মজীবনীতে অভিযোগ করেছেন সনিয়া।
রাহুল,প্রিয়াঙ্কা ও আমেঠি
সোনিয়া লিখছেন প্রথম সন্তানের মৃত্যুর পর রাহুল, প্রিয়াঙ্কা জন্মালো। দুজনেই অত্যন্ত আদরের। ঠাকুমা ইন্দিরার খুব প্রিয়। ছাত্রাবস্থা থেকে দুজনে বিদেশে পড়াশুনো করলেও দেশের সঙ্গে সংযোগ কখনো তিনি ছিন্ন হতে দেননি। গান্ধি পরিবারের সেকেন্ড হোম আমেঠির সঙ্গে ছিল ওদের আত্মিক সম্পর্ক। সোনিয়া লিখছেন, ‘‘রাহুল যখনই ভারতে ফিরত, আমার বা তার বোনের সঙ্গে আমেঠীতে যেত। এলাকায় তারা দু’জনেই পরিচিত ছিল। সেই সফরগুলির সময়ই রাহুলের মধ্যে সেখানকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল।’’ কেমব্রিজে রাহুলের এমফিলের বিষয় ছিল ‘ডেভেলপমেন্ট স্টাডিজ়’ এবং বিদেশে থাকাকালীনও তিনি ভারতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর নিবিড় ভাবে নজর রাখতেন। সোনিয়ার কথায়, রাহুল দেশে ফিরে যখন রাজনীতিতে আসার কথা জানালো তখন বাধা দিই নি। রাহুলের রাজনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। অমেঠীর সঙ্গে তাঁর ও প্রিয়াঙ্কার গভীর আত্মিক সম্পর্ক ছিল।
প্রসঙ্গ মেনকা
১৯৭৩ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার কনিষ্ঠ পুত্র সঞ্জয়ের সঙ্গে মেনকার পরিচয় হয়েছিল। এর বছরখানেকের মধ্যেই তাঁদের বিয়ে হয়ে যায়। স্মৃতিকথায় সনিয়া লিখেছেন, ‘‘খুবই প্রাণবন্ত ও উচ্ছল মেয়ে ছিল মেনকা। প্রাণশক্তিতে ভরপুর। বাড়িতে ছোটবউয়ের আগমন বেশ আনন্দদায়ক ছিল। মাঝে মাঝে ঘর থেকে ওর হাসির শব্দ শুনতে পেতাম, আর সেই হাসির কারণ জানতে ঘরে ঢুকতাম, তার পর ওর বন্ধুদের বা সদ্য পড়া কোনও বই নিয়ে গল্প শোনার জন্য বসে পড়তাম।’’ কিন্তু মেনকার সঙ্গে সোনিয়ার বন্ধুতা বেশীদিন স্থায়ী হয়নি। কারণটা ছিল ইগো। ১ নম্বর সফদরজঙ রোডে কোন বৌমার প্রভাব বেশী থাকবে তা নিয়েই ঠোকাঠুকি লাগে। সোনিয়াকে কেন ‘বউ রানী’ বলা হবে তা নিয়ে মেনকার প্রবল আপত্তি ছিল। সম্পর্কে তিক্ততা আসতে বেশী সময় লাগেনি। সোনিয়া লিখছেন, মেনকার উগ্র আচরণ ইন্দিরাকেও আহত করত, সঞ্জয়ের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ-ও আর কারোর অজানা ছিল না।
বিষয় জরুরি অবস্থা
১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীবের সঙ্গে বিয়ে হয়েছিল সনিয়ার। তার সাড়ে ৭ বছর পরে ১৯৭৫ সালের ২৫ জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন আঘাত এসেছিল জরুরি অবস্থা জারিতে। সোনিয়া লিখছেন জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত সমর্থনযোগ্য না হলেও সেই সময় দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরী হয়েছিল তাতে জরুরি অবস্থা জারি ছাড়া সম্ভবত আর কোনও উপায় ছিল না। তবে জরুরি অবস্থার জন্য একা ইন্দিরা দায়ী মনে করেন না সোনিয়া। তাঁর কথায়, সঞ্জয় গান্ধি অত্যন্ত দ্রুত ফল পেতে চাইছেন। তাঁর ধৈর্য কম ছিল।তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতেন। যুব কংগ্রেসে তার সঙ্গী সাথীরা বেপরোয়া স্বভাবের ছিলেন। তার জেদের বশে নেওয়াএকাধিক সিদ্ধান্ত পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে।
রাজীব হত্যা
‘‘দরজা খুলে ও (প্রিয়ঙ্কা) ধীরে ধীরে প্রবেশ করল ঘরে। যেন নিজেকে সুস্থির রাখতে চাইছে। আমার সামনে জোর করে শান্ত থাকার চেষ্টা করছে। কিন্তু ওর নিঃশ্বাস দ্রুত পড়ছিল। মুখ যেন বিবর্ণ। চোখে অন্ধকার। আমি আগে কখনও এমন দেখিনি। ও আমাকে বলল, একটা ফোন পাওয়ার কথা।’’ – দিনটা ছিল ১৯৯১ সালের ২১ মে। তামিলনাড়ুতে ভোট প্রচারে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন রাজীব গান্ধি। দিনটা কোনো দিন ভুলতে পারেননি সোনিয়া ভোলা সম্ভব নয়। সোনিয়া লিখছেন, ১৯৮৪ সালে যখন ইন্দিরা গান্ধি নিহত হলেন তখন কংগ্রেস পার্টি রাজীবকে দলের দায়িত্ব নিতে বলে। রাজনীতিতে রাজীব আসুক আমি চাই নি। বাধা দিয়েছিলাম অনেক আটকানোর চেষ্টা করি কিন্তু পারিনি।রাজীব রাজনীতিতে এলেন প্রধানমন্ত্রী হলেন সেই রাজনীতি করতে গিয়েই নিহত হলেন।
প্রধানমন্ত্রী হতে চাইনি
আত্মজীবনীতে সোনিয়া লিখছেন, ইন্দিরার অকষ্মাৎ প্রয়াণের পর রাজীব যেমন রাজনীতিতে আসতে বাধ্য হন তেমন তাঁর ক্ষেত্রেও স্বামী রাজীব নিহত হওয়ার পর দলের হাল ধরতে তাঁকে রাজনীতিতে আসতে হয়েছিল। বিদেশিনী থেকে রাজীবের বিধবা কম কথা শুনতে হয়নি তাঁকে তবু সব সহ্য করে লক্ষ্যে অবিচল থেকেছেন। তবে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর যখন তাঁর সামনে প্রধানমন্ত্রী পদে বসার সুবর্ণ সুযোগ এল তখন তিনি অন্তঃরাত্মার ডাক শুনে সরাসরি না বলে দেন। সোনিয়া লিখছেন, ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। আত্মজীবনীতে সনিয়া জানিয়েছেন ব্যক্তিগত ভাবে রাজনীতিতে আসার কোনও ইচ্ছা না থাকলেও শুধুমাত্র দায়িত্ববোধের জায়গা থেকে তিনি কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছিলেন। কিন্তু বছর ঘোরার আগেই দলের অন্দরে বিদ্রোহের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ১৯৯৯ সালে শরদ পওয়ার, পিএ সাংমারা তাঁর বিদেশি জন্মসূত্র নিয়ে প্রশ্ন তোলায় তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন জানিয়েছেন সোনিয়া। ২০০৪ সালে যখন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এল তখন তা ফেরান তিনি। সেই প্রসঙ্গে তিনি লিখছেন,‘‘নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে আলোচনা করি। ওদের মধ্যে এক জন সরাসরি আমাকে জিজ্ঞাসা করল, যদি নির্বাচনে জিতি তা হলে কি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করব? তখন প্রায় বিরক্তির সুরেই বলেছিলাম, একেবারেই না!’
প্রধানমন্ত্রী হতে চান প্রণব
২০০৪ সালে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ ক্ষমতায় এল এবং সোনিয়া প্রধানমন্ত্রী হলেন না তখন অনেকেই ভেবেছিলেন প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হবে কিন্তু ফ্রম নো হোয়্যার মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয় সোনিয়ার ইচ্ছায়। প্রণব অর্থ প্রতিরক্ষার মত মন্ত্রক সামলালেও তাঁর আর প্রধানমন্ত্রী হওয়া হয়নি। দ্বিতীয় ইউপিএ -এর আমলে তাঁকে রাষ্ট্রপতি করে দেওয়া হয়। অনেকেই বলেন প্রণববাবুকে আসলে গ্যারেজ করেছিল কংগ্রেস। এই অভিযোগের উত্তর স্মৃতিকথায় দিয়েছেন সোনিয়া। তিনি লিখছেন, ‘‘অনেক প্রবীণ নেতা ছিলেন, যাঁরা এই পদের জন্য যোগ্য ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে এক জন নজর কেড়েছিলেন। তিনি মনমোহন সিংহ। তিনি এমন এক ব্যক্তিত্ব, যাঁর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবেন না। শুধু তা-ই নয়, সরকার পরিচালনার বিষয়ে তাঁর সম্যক ধারণা ছিল।’’ আলাদা করে প্রণবের কথা বলতে গিয়ে সোনিয়া বলছেন, ‘২০১০ সালে একদিন সকালে প্রণব বাবুর একটি কথায় বেশ চমকে যাই। উনি বলেন, সময় এসেছে সরকারের শীর্ষস্তরে পরিবর্তন করার। প্রধানমন্ত্রী পদে বদলের প্রয়োজন। আমার মনে হয় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা থেকেই তিনি ওই কথা বলেছিলেন আমি বিষয়টি কৌশলে সামলে নিই।’ প্রণবের সঙ্গে চিদম্বরমের বিবাদের বিষয়টিও উল্লেখ করেন সোনিয়া। সোনিয়ার প্রণবের প্রধানমন্ত্রী হতে চাওয়া নিয়ে করা মন্তব্যের সরাসরি বিরোধীতা করেননি প্রণব কন্যা শর্মিষ্ঠা। তিনি বলছেন, ‘দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এক জন রাজনীতিবিদ যার জাতীয় রাজনীতিতে সব রকম দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে অন্যায় কোথায়! মনে রাখতে হবে সবাই যখন ইন্দিরার পাশ থেকে সরে যান তখন কিন্তু প্রণব বাবু ছিলেন।
বাংলা ও মমতা
সোনিয়ার কথায় বার বার ফিরে ফিরে এসেছে বাংলার প্রসঙ্গ। সোনিয়া লিখেছেন, রাজীব তাঁকে সত্যজিতের অপু ট্রিলজি দেখিয়েছিলেন। সেখান থেকে বাংলা ও বাঙালি সম্বন্ধে তাঁর বেশ খানিকটা ধারণা হয়। দীর্ঘ রাজনীতি জীবনে বার বার বাংলায় এসেছেন। এখানকার সংস্কৃতি, প্রদেশ রাজনীতির সঙ্গে পরিচিত হয়েছেন তিনি। এরপরেই সোনিয়া টেনে এনেছেন মমতার প্রসঙ্গ। তিনি লিখছেন, ‘মমতা একমাত্র মহিলা নেত্রী যিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে একার হাতে নতুন দল তৈরী করে কয়েক দশক ধরে লড়াই করছেন।’ মমতার কৃতিত্ব ব্যাখ্যা করছে গিয়ে সোনিয়া লিখছেন, এখানেও শেষ করেননি সনিয়া৷ লিখছেন, ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও আমি ওঁদের (মমতা এবং মায়াবতী) শ্রদ্ধা করি এবং ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি৷ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মায়াবতী৷ ওঁরা প্রত্যেকেই চিত্তগ্রাহী, পরিশ্রমী এবং রাজনৈতিক ভাবে বিচক্ষণ মানুষ, যাঁরা প্রায় পুরুষশাসিত ভারতীয় রাজনীতিতে নিজেদের নাম তৈরি করতে পেরেছেন’৷এমনকি, হিলারি ক্লিন্টনের সঙ্গে কথা বলার সময় তিনি কার্যত উল্লেখ করেছেন, জয়ললিতা কিংবা মায়াবতীর উত্থানের পিছনে এম. জি. রামচন্দ্রন এবং মায়াবতীর রাজনৈতিক গুরু মান্যবর কাঁসিরাম থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা, যিনি কারও কোনও সাহায্য ছাড়াই ভারতীয় রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছেন৷ তৈরি করেছেন নিজের দল।
মোদি চোখের দিকে তাকান না
সোনিয়া লিখছেন আমার ও নরেন্দ্র মোদির মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক। কারণ আমার আদর্শের ভীত নেহেরু গান্ধি আর ওঁর আর এস এস কিন্তু একটি বিষয়ে আমাদের অদ্ভুত মিল তা হল অভিজাত সমাজ সম্পর্কে আমাদের অস্বস্তি। এটা তো ঠিক, বিজেপি মোদিকে যতোটা গরীব পরিবারের সন্তান বলে প্রচার করে ততোটা না হলেও তিনি দলিত সমাজ থেকে উঠে এসেছেন। তবে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন সোনিয়া। তিনি লিখছেন, মোদি চোখাচুখি এড়িয়ে চলেন। আমার সঙ্গে সৌজন্য বশত যেটুকু কথা হওয়ার হয়েছে তার বেশী নয়। সোনিয়া লিখছেন, এক দশকের ব্যবধানে দু’টি ঘটনা নাড়িয়ে দিয়েছিল সনিয়াকে। প্রথমটি, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস। দ্বিতীয়টি ২০০২ সালে গোধরা-পরবর্তী গুজরাত দাঙ্গা। এর পাশাপাশি সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এ শতাব্দীপ্রাচীন কংগ্রেসের সবচেয়ে দীর্ঘ সময়ের সভানেত্রী উল্লেখ করেছেন ১৯৮৪ সালে ইন্দিরা হত্যা পরবর্তী শিখবিরোধী হিংসার কথাও। শিখবিরোধী হিংসাকে ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ বলে চিহ্নিত করেছেন সনিয়া। সে সময় রাজীবের একটি মন্তব্য (বড় গাছ পড়লে মাটি কেঁপে ওঠে) নিয়ে বিতর্ক দানা বাঁধলেও সনিয়ার দাবি, তাঁর স্বামীর মনে কোনও গোঁড়ামি বা বিদ্বেষ ছিল না। তবে ওই সঙ্কটময় মুহূর্তে তাঁকে হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রে আসতে হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি যথাযথ ভাবে। ইন্দিরা হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করে তিনি লিখেছেন, যখন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তখন দ্রুত দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
ক্যান্সারের বিরুদ্ধে জয়
২০১০ সালে সোনিয়ার স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে তা অগ্নাশয়ে ছড়ায়। সেই সময় সোনিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হলে তিনি বিরক্ত হন বলে জানিয়েছেন সোনিয়া। একপ্রকার বাধ্য হয়েই তাঁকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। দুবার অপারেশন হয় তাঁর। প্রথমটি হয়েছিল ইটালির মিলানে এবং দ্বিতীয়টি নেদারল্যান্ডসের রটারড্যামে। সোনিয়ার দাবি, যখন প্রথম বার ক্যানসার ধরা পড়ে, তখন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের উপর তাঁর সম্পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও তিনি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের চর্চা এড়াতে চেয়েছিলেন। তাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সোনিয়া গান্ধির বিস্ফোরক আত্মজীবনী বিলংগিং এজার্নি অফ লভ
- khabar365din
- November 11, 2026
- 4:59 pm
- No Comments





