৩৬৫ দিন।আয়ুষ্মান দে। হুগলি। যমরাজের আপ্ত সহায়কের এর পুজো ও ভাইফোঁটার ব্যতিক্রমী রীতি, বাতানালের সরকার পরিবারের পূর্বপুরুষ চিত্রগুপ্তের পুজো, সারা বছর না এলেও এই দিন বাপের বাড়িতে আসতে হয় গ্রামের বিবাহিত মেয়েদের, প্রায় ১১৮ বছরের ঐতিহ্যে আজও অটুট চিত্রগুপ্তের আরাধনা ভাইফোঁটা মানেই সাধারণত বোনের বাড়িতে ভাইয়ের আগমন, কিংবা ভাইয়ের বাড়িতে বোনের গিয়ে ফোঁটা দেওয়া। কিন্তু আরামবাগের বাতানল গ্রামে এই চেনা ছবিটাই সম্পূর্ণ উল্টো। এখানে গ্রামের যে সব মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে, ভাইফোঁটার দিন তাঁদের ফিরে আসতেই হয় বাপের বাড়িতে। ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁরা পালন করেন পারিবারিক ঐতিহ্য। শুধু তাই নয় আগে যমরাজের আপ্ত সহায়ক চিত্রগুপ্তকে ফোঁটা দেওয়া, তারপর শুরু হয় গোটা পাড়ার ভাইফোঁটা। ১১৮ বছরের এই ব্যতিক্রমী রীতিই আজও বাঁচিয়ে রেখেছে বাংলার এক হারিয়ে যেতে বসা ধর্মীয় ঐতিহ্যকে।
গ্রামবাসীদের কথায়, ১৯০৮ সালে ভূপালচন্দ্র সরকার বাতানল গ্রামে চিত্রগুপ্ত পুজোর প্রচলন করেন। সেই সময় প্রায় ২০টি কায়স্থ পরিবার একজোট হয়ে শুরু করেছিল এই আরাধনা। পুরাণ অনুযায়ী যমরাজের আপ্তসহায়ক চিত্রগুপ্ত মানুষের পাপ-পুণ্যের হিসাব রাখেন। কায়স্থ পরিবারের বিশ্বাস, চিত্রগুপ্ত তাঁদের পূর্বপুরুষ। কথিত আছে, যমরাজের বোন যমুনার ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটা প্রচলনের ক্ষেত্রেও প্রধান ভূমিকা ছিল চিত্রগুপ্তের। বহু আগে শোনা যায় বাংলার বিভিন্ন এলাকায় চিত্রগুপ্ত পুজোর প্রচলন থাকলেও বর্তমানে বহু জায়গায় তা হারিয়ে গিয়েছে। ব্যতিক্রম বাতানল। এখানে ভাইফোঁটার দিন পুরোহিত চিত্রগুপ্তকে ফোঁটা দেন।





