ঝড়ের দাপটে আলোর তোরন ভেঙ্গে অবরুদ্ধ রাস্তা আহত অটোচালক

৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি।  জেলা জুড়ে আবহাওয়ার খামখেয়ালি পোনার শিকার ঝড়ের এক ঝটকায় জিটি রোডে ভেঙে পড়ল আলোর তোরণ, আহত অটোচালক! এলাকায় তীব্র যানজটে নাকাল পথচারীরা। হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে পাণ্ডুয়ার জিটি রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালীপুজোর আলোর তোরণ। তিন্না ইলামপুর বারোয়ারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে তৈরি ওই তোরণ ভেঙে পড়তেই ব্যস্ত জিটি রোড কার্যত অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনায় একটি অটোর চালক আহত হন। আচমকা এই বিপর্যয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়, দীর্ঘ যানজটে আটকে পড়েন অসংখ্য মানুষ।
সকাল থেকে ঝলমলে রোদ থাকলেও দুপুরে আচমকাই আকাশ কালো করে নামে ঝড়-বৃষ্টি। প্রবল হাওয়ার ধাক্কা সামলাতে না পেরে ভেঙে পড়ে বিশাল আলোর গেটটি। প্রশ্ন উঠেছে, ব্যস্ত জাতীয় সড়কের উপর এমন অস্থায়ী তোরণ তৈরিতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রশ্ন সাধারনের।
তবে বিপর্যয়ের পর দ্রুত তৎপর হন পুজো উদ্যোক্তারা। বাঁশ কেটে ভেঙে পড়া তোরণ সরানোর কাজে হাত লাগান কমিটির সদস্যরা। প্রশাসনের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার হয়ে যান চলাচল স্বাভাবিক হয়। কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল বলেন, “সকাল থেকে রোদ ছিল। হঠাৎ আকাশ মেঘলা করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে হাওয়ার দাপট। তাতেই ভেঙে পড়ে তোরণটি। সেই সময়ে একটি অটো যাচ্ছিল, চালকের কিছুটা ক্ষতি হয়েছে। প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে রাস্তা পরিষ্কার করি। আমরা কেউ বুঝতে পারিনি এই ঝড়ে গেট ভেঙে যাবে।” আকস্মিক এই ঘটনায় অসুবিধায় যান চালক থেকে পথচারীরা।

Scroll to Top