এনকাউন্টার এবার রায়গঞ্জে!
কুলিকের জঙ্গলে বালিকা ধর্ষণ খুনে অভিযুক্তকে গুলিতে নিকেশ

৩৬৫ দিন। মা বোনেদের ওপর অত্যাচার হলে পুলিশ জিরো টলারেন্স নেবে। এ ব্যাপারে পুলিশকে খোলা ছাড় দিচ্ছি। যে কোনো পদক্ষেপ নিন আমি ঢাল হয়ে দাঁড়াব-রাজ্যে নারী নির্যাতন রুখতে হুঁশিয়ারী দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এই চরম বার্তার ৪৮ ঘন্টার মধ্যে বালিকা ধর্ষণ খুনে অভিযুক্তকে এনকাউন্টাারে নিকেশ করল পুলিশ। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এটি চতুর্থ এনকাউন্টার। তাৎপর্যপূর্ণ বিষয় হল চার এনকাউন্টারের মধ্যে তিন জন-ই ধর্ষণ খুনে অভিযুক্ত ছিল। তবে রায়গঞ্জে সোমবার যে এনকাউন্টার হল তার সঙ্গে প্রথম তিনটি ঘটনার পার্থক্য রয়েছে। আগের ঘটনা গুলোতে ক্রাইম সিন পুনর্নির্মাণের সময় পুলিশের হাত থেকে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের এনকাউন্টার করে বলে দাবি করা হয়েছিল। কিন্তু রায়গঞ্জের ঘটনায় তা হয়নি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে সে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তাকে এনকাউন্টার করে বলে দাবি। তখনই মৃত্যু হয় রায়গঞ্জের কুলিকে পাঁচ দিন আগে বালিকাকে ধর্ষণ খুনে অভিযুক্ত দিলীপ রায়ের।
ঘটনাটি কী
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিকের জঙ্গল থেকে এক বালিকার নগ্ন দেহ উদ্ধার হয়। দু’দিন ধরে ওই বালিকা নিখোঁজ ছিল। রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর সে ফেরেনি‌। পরে কুলিকের জঙ্গল থেকে যখন তার দেহ উদ্ধার হয় ততক্ষণে সেই দেহে পচন ধরেছে। দেহ দেখেই পুলিশ বুঝে যায় ধর্ষণ করে তাকে খুন করা হয়। সম্ভবত অন্য কোথাও খুন করে দেহ ডাম্প করা হয় কুলিকের নির্জন জঙ্গলে। পরে ময়নাতদন্তের যে রিপোর্ট আসে তাতে দেখা যায় নৃশংস অত্যাচার চালানো হয় ওই বালিকার ওপর। শুধু ধর্ষণ নয় তাকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে তার হাত ঘাড়ের হাড় ভেঙে যায়। গোপনাঙ্গেও মারাত্মক চোট ছিল‌। এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে দিলীপের নাম পায়। তদন্ত যত এগোয় পুলিশ নিশ্চিত হয়ে যায় দিলীপ-ই ধর্ষণ খুন করেছে। কিন্তু ততদিনে সে গা ঢাকা দিয়েছে। তিন ধরে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত সোমবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে দিলীপ। সেখানে ভোর ৩ টে নাগাদ হানা দেয় পুলিশের টিম। দিলীপ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে পুলিশ। তাতেই মৃত্যু হয় তার
বিহার পালাচ্ছিল,‌পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে দিলীপ, দাবি পুলিশের
সোমবার ভোর রাতের এনকাউন্টার নিয়ে পুলিশের যে বক্তব্য সামনে আসছে তা এই রকম, সোমবার গভীর রাতে তাদের কাছে টিফ অফ আসে দিলীপ বিহার ঘেঁষা গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে আছে ও সে বিহার পালানোর চেষ্টা করছে‌। খবর মিলতেই বিহার সীমান্তে নজরদারি জোরদার করা হয়। পুলিশের একটি টিম ভোর ৩ টের কিছু আগে গৌরীতে পৌঁছে যায়। দিলীপের অবস্থান নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। দিলীপকে আত্মসমর্পণ করতে বলা হয়। সে শোনেনি। তার কাছে একটি ৯এমএম পিস্তল ছিল সেটি থেকে সে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলি লাগে পুলিশের একটি গাড়িতে। এরপরেই পাল্টা গুলি চালায় পুলিশ।‌ সেই গুলি দিলীপের শরীরে লাগে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়। অভিযুক্তকে দীর্ঘক্ষণ আত্মসমর্পণের সময় দেওয়া হয়েছিল তবে তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল তা পুলিশ জানতো না।‌ কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Scroll to Top