খবর ৩৬৫।বিশ্বজিৎ ব্যানার্জি। নদীয়া। আচমকা তীব্র ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার শান্তিপুর থানা এলাকার একাধিক কালীপুজোর মণ্ডপ। শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙা মোড় থেকে বাথানগাছি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মাত্র এক মিনিটের একটি ঘূর্ণাবর্ত বা মিনি টর্নেডোর মতো ঝড়ে কালীপুজোর আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে প্রায় ৪টা ২০ মিনিট নাগাদ হঠাৎ আকাশ কালো করে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টি ও দমকা হাওয়া চলে। তবে এর মাঝেই আসা মিনিটখানেকের প্রবল ঘূর্ণি-ঝড়ে বেলডাঙা মোড় থেকে বাথানগাছি সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকার সমস্ত পুজোমণ্ডপ তছনছ হয়ে যায়। এই সংক্ষিপ্ত দূরত্বের মধ্যেই স্থানীয় ক্লাব ও বারোয়ারি মিলিয়ে প্রায় সাতটি বড় মাপের কালীপুজো হচ্ছিল। ঝড়ের তীব্রতায় সবকটি মণ্ডপের চূড়া বেঁকে গেছে বা ভেঙে পড়েছে এবং আলোকসজ্জার বড় বড় তোরণ উল্টে গিয়ে পার্শ্ববর্তী গাছের ওপর আছড়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙা মোড় ও বাথানগাছির দু’টি বড় পুজোয়। সেখানে মণ্ডপ ভেঙে সরাসরি প্রতিমার ওপরেই পড়ে এবং মণ্ডপ সমেত প্রতিমা সম্পূর্ণ উল্টে ভূমিসাৎ হয়ে যায়। এছাড়া ঝড়ের দাপটে এলাকায় ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে এবং বড় বড় গাছের ডাল ভেঙে রাস্তা অবরুদ্ধ হয়েছে। ফলে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। তবে এত বড় বিপর্যয় সত্ত্বেও কোনো প্রাণহানি বা মানুষের গুরুতর চোট-আঘাতের খবর মেলেনি।উৎসবের শেষ লগ্নে এমন আকস্মিক দুর্যোগে পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর মনখারাপের ছায়া নেমে এসেছে।
শান্তিপুরে মাত্র এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক কালীপুজোর মণ্ডপ
- khabar365din
- November 10, 2026
- 3:20 pm
- No Comments






