এবার সুড়ঙ্গ খুঁড়ে পালাল বাঘিনী

৩৬৫ দিন। ‘শোলে’ সিনেমার জেলের সুড়ঙ্গ খোঁড়ার কাহিনীর সঙ্গে যেন মিলে গেল বাস্তবের চিত্র! বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা এবং অসমে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি পুনরুদ্ধার করা সেই বাঘিনি (BTRTF-1) ফের বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে চম্পট দিল। তাও আবার মাত্র পাঁচ দিনের ব্যবধানে! গুচ্ছ সিসিটিভি ক্যামেরা ও বনকর্মীদের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে বাঘিনির এই পলায়নকাণ্ডে রীতিমতো স্তম্ভিত ও দিশাহারা বন দপ্তর।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবারই অসমের রায়মোনা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকা থেকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে আলিপুরদুয়ারের বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়েছিল ৩ বছরের ওই বাঘিনিকে। কিন্তু এর ঠিক পাঁচ দিনের মাথায় রবিবার দুপুরে ফের উধাও হয়ে যায় সে।কীভাবে পালাল বাঘিনি? বনকর্তাদের জোরালো অনুমান, এনক্লোজারের চারপাশে থাকা কংক্রিটের প্রায় দু’ফুট চওড়া এবং প্রায় চার ফুট গভীর দেওয়ালের নীচের মাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের পায়ের নখ দিয়ে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করেছিল সে।
অন্য কোনো বাঘের এভাবে এনক্লোজার ভেদ করে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এনক্লোজারে জল বা শিকারের কোনো অভাব না থাকা সত্ত্বেও তার এই পলায়ন সবাইকে হতবাক করেছে।রবিবার বেলা দেড়টার পর থেকে ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক ঘেরাটোপ থেকে ক্রমশ পূর্ব দিকে এগোতে শুরু করে বাঘিনিটি। সে ইতিমধ্যে বালা নদী ও ২৭ মাইল বস্তি পার করেছে। বনকর্তাদের প্রাথমিক ধারণা, অসমে থাকাকালীন অন্য কোনো বাঘের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল এবং সেই বাঘের সেন্ট মার্ক বা গন্ধের টানেই সে ফের অসমমুখী হয়েছে।
বাঘিনির গতিবিধি ট্র্যাক করতে তার গলায় হাই-ফ্রিকোয়েন্সি রেডিয়ো কলার লাগানো ছিল। এর সঙ্কেত ধরে ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী এবং তিনটি কুনকি হাতি, ভরত, সারথি ও ভিট্টালাকে নামানো হয়। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৭ মাইল বনবস্তির পর আর তার কোনো হদিশ মিলছে না। বন দপ্তরের অনুমান, বাঘিনিটি সম্ভবত কোনো ‘শ্যাডো জোন’-এ চলে যাওয়ার কারণে গ্রাউন্ড ট্র্যাকিং ও উপগ্রহ নিয়ন্ত্রিত রেডিয়ো কলারের প্রযুক্তি কাজ করছে না।রাতারাতি বাঘিনিটি যদি সঙ্কোশ নদী পার করে ফের রায়মোনার জঙ্গলে চলে যায়, তবে তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখন তীব্র দুশ্চিন্তায় ঘুম উড়েছে বনকর্তাদের। এক বনকর্তা আক্ষেপ করে জানিয়েছেন, “এই ঘটনায় আমাদের মাথা ঘুরে গিয়েছে। এই মুহূর্তে কিছু বলার মতো পরিস্থিতিতে আমরা নেই।

Scroll to Top