৩৬৫ দিন। রেলের জমি দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। শনিবার হাওড়ার বাকসাড়া জানাগেট এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান ও বেআইনি নির্মাণ। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেলের জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল। সংশ্লিষ্ট দখলদারদের জমি খালি করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ দেওয়ার পরেও জমি খালি না করায় শনিবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা হয়। অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতির উপর নজর রেখেই চলে উচ্ছেদ প্রক্রিয়া। রেলের জমি থেকে বেআইনি দখল সরিয়ে জমি পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের দাবি, প্রায় দেড় বছর আগে রেলের তরফে জমি খালি করার নোটিশ দেওয়া হলেও জমির মালিকানা সংক্রান্ত নথি নিয়ে তাঁরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন এবং সেই বিষয়টি নিয়ে মামলা চলছে। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের দেওয়া দলিল থাকা সত্ত্বেও পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাসিন্দাদের আরও দাবি, আন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি তাঁরা ছেড়ে দিতে প্রস্তুত, তবে তার আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তাঁদের দাবি, প্রায় ১২২ থেকে ১২৫টি পরিবার এবং ৩০-৩২টি দোকান এই উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হতে পারে। উন্নয়নের বিরোধিতা না করলেও পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
রেলের জমিতে ফের উচ্ছেদ অভিযান, বুলডোজার চালিয়ে ভাঙা হল ‘অবৈধ’ নির্মাণ
- khabar365din
- November 21, 2026
- 3:52 pm
- No Comments






