জাদুবিদ্যার ৮ বই বিজ্ঞান
বিস্ময় রহস্য ও হাতসাফাইয়ের অন্তরালে

৩৬৫ দিন।সৌগত সরকার। জাদু কেবল চোখের ধাঁধা নয়; এর মধ্যে রয়েছে বিজ্ঞান, মনস্তত্ত্ব, কল্পনা, ইতিহাস এবং নিখুঁত অনুশীলনের আশ্চর্য মিশেল। মঞ্চে কয়েক মুহূর্তের বিস্ময় তৈরি করতে একজন জাদুকরকে ব্যয় করতে হয় দীর্ঘ প্রস্তুতি। আলোচ্য আটটি বই সেই প্রস্তুতি, জাদুর ইতিহাস, কৌশল এবং শিল্পের নানা দরজা খুলে দেয়। কোথাও হুডিনির রহস্যভেদ, কোথাও তাসের কারসাজি, কোথাও মঞ্চের ইন্দ্রজাল। শিক্ষানবিশ থেকে অভিজ্ঞ জাদুশিল্পী;সবার জন্যই এই বইগুলির পাতায় রয়েছে নতুন করে বিস্মিত হওয়ার উপাদান।
১. আ ম্যাজিশিয়ান অ্যামং দ্য স্পিরিটস
লেখকহ্যারি হুডিনি জাদুর ইতিহাসে হ্যারি হুডিনি শুধু এক দুর্ধষ ইন্দ্রজালিক নন, যুক্তিবাদী অনুসন্ধানীও। এই বইয়ে তিনি তথাকথিত অতিপ্রাকৃত শক্তি, আত্মার সঙ্গে যোগাযোগ এবং মৃতের আবির্ভাবের দাবিগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তাঁর অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে প্রতারণার কৌশল, মানুষের বিশ্বাস এবং চোখকে বিভ্রান্ত করার ক্ষমতা। জাদুর পর্দার আড়ালে কীভাবে অলৌকিকতার আবহ তৈরি হয়, তারই অনুসন্ধান এই গ্রন্থ। রহস্যে বিশ্বাস করলেই রহস্য সত্যি হয়ে যায় না;হুডিনি যেন পাঠককে সেই কথাই মনে করিয়ে দেন। জাদুপ্রেমী এবং যুক্তিবাদী পাঠক, উভয়ের জন্যই বইটি বিশেষ আকর্ষণীয়।
২. দ্য লাস্ট গ্রেটেস্ট ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড
লেখকজিম স্টেইনমেয়ার আমেরিকার জাদুমঞ্চের স্বর্ণযুগ, দুই কিংবদন্তি জাদুকর এবং তাঁদের প্রতিদ্বন্দ্বিতা;এই বইয়ের মূল আকর্ষণ। জিম স্টেইনমেয়ার তুলে ধরেছেন হাওয়ার্ড থার্স্টন ও হ্যারি হুডিনির সময়কাল, তাঁদের সাফল্য, ব্যক্তিত্ব এবং জাদুবিশ্বের লড়াই। এখানে জাদু শুধু হাতসাফাই নয়; এটি দর্শককে মুগ্ধ করার শিল্প, প্রচারের কৌশল এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষারও গল্প। একদিকে মঞ্চের বিস্ময়, অন্যদিকে শিল্পীদের অহং, প্রতিযোগিতা ও জনপ্রিয়তার যুদ্ধ। জাদুর ইতিহাসকে জীবন্ত কাহিনির মতো পড়তে চাইলে বইটি অবশ্যপাঠ্য। পুরনো আমেরিকার বিনোদনজগতের এক আকর্ষণীয় দলিলও বটে।
৩. টারবেল কোর্স ইন ম্যাজিক, প্রথম খণ্ড
লেখকহারলান টারবেল জাদু শেখার জগতে হারলান টারবেলের এই পাঠক্রম দীর্ঘদিন ধরেই এক গুরুত্বপূর্ণ নাম। প্রথম খণ্ডে রয়েছে হাতের দক্ষতা, দর্শকের মনোযোগ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন কৌশল আয়ত্ত করার প্রাথমিক পাঠ। জাদু দেখানোর আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে অনুশীলনের মাধ্যমে একটি সাধারণ কৌশলকে বিশ্বাসযোগ্য পরিবেশনায় পরিণত করতে হয়;তার ভিত্তি গড়ে দেয় এই বই। এটি কেবল কয়েকটি খেলার বিবরণ নয়; বরং একজন জাদুশিল্পী হয়ে ওঠার নিয়মিত সাধনার নির্দেশিকা। নতুন শিক্ষার্থীর কাছে এটি পাঠ্যবই, অভিজ্ঞ শিল্পীর কাছে পুরনো কৌশল ঝালিয়ে নেওয়ার নির্ভরযোগ্য সঙ্গী।
৪. দ্য ম্যাজিক ম্যাগাজিন, মার্চ ১৯৭৫
লেখকবিভিন্ন জাদুশিল্পী ও লেখক ১৯৭৫ সালের মার্চ সংখ্যার এই পত্রিকা জাদুবিদ্যার এক সময়ের সাক্ষী। প্রচ্ছদেই রয়েছে জাদুমঞ্চের নাটকীয়তা, শিল্পীর ব্যক্তিত্ব এবং দর্শককে চমকে দেওয়ার প্রতিশ্রুতি। হুডিনির তালা খোলার কৌশল, অতীন্দ্রিয় অনুভূতি, পাশা নিয়ে কারসাজি, মুণ্ডচ্ছেদের রহস্য কিংবা ভারতীয় দড়ির খেলা;এমন নানা বিষয়ের উল্লেখ পাঠকের কৌতূহল বাড়ায়। পুরনো জাদু-পত্রিকার গুরুত্ব শুধু কৌশলের বিবরণে নয়, সময়ের শিল্পরুচি ও বিনোদনের ইতিহাসেও। আজকের পাঠকের কাছে এটি অতীতের মঞ্চ সংস্কৃতি  বোঝার জানালা। সংগ্রাহক ও জাদুর ইতিহাসে আগ্রহীদের জন্য এমন একটি সংখ্যা নিঃসন্দেহে মূল্যবান।
৫. ম্যাজিকস্টেজ ইলিউশনস, স্পেশাল এফেক্টস অ্যান্ড ট্রিক ফটোগ্রাফি
সংকলনা ও সম্পাদনাআলবার্ট এ. হপকিন্স জাদুর মঞ্চে যা দেখা যায়, তার সবটাই বাস্তব নয়; আবার সবটাই হাতসাফাইও নয়। আলো, দৃশ্যবিন্যাস, আলোকচিত্রের কারসাজি এবং যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কীভাবে অসম্ভবকে সম্ভব বলে মনে হয়, এই বই তারই অনুসন্ধান। আলবার্ট এ. হপকিন্সের সংকলন ও সম্পাদনায় মঞ্চের বিভ্রম এবং বিশেষ দৃশ্যপ্রভাবের নানা দিক একত্র হয়েছে। বিশেষ করে আলোকচিত্রের মাধ্যমে চোখকে ধোঁকা দেওয়ার পদ্ধতি বইটির আকর্ষণ বাড়ায়। জাদু যে বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পকলার সম্মিলিত প্রকাশ, এই গ্রন্থ তা বুঝতে সাহায্য করে। মঞ্চপ্রযুক্তির ইতিহাসেও এর আলাদা গুরুত্ব রয়েছে।
৬. কমপ্লিট কোর্স ইন ম্যাজিক
লেখকমার্ক উইলসন জাদু শেখার জন্য এক বিস্তৃত পাঠশালা এই বই। মার্ক উইলসন সহজ কৌশল থেকে বড় মঞ্চভ্রম;বিভিন্ন স্তরের জাদু শেখার পথ সাজিয়েছেন ধাপে ধাপে। তাস, মুদ্রা, দড়ি, রুমাল, বল এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দিয়ে কীভাবে দর্শককে বিস্মিত করা যায়, তার ব্যবহারিক নির্দেশনা রয়েছে। শুধু কৌশল জানলেই জাদুকর হওয়া যায় না; উপস্থাপনা, সময়জ্ঞান, অনুশীলন এবং দর্শকের মনোযোগ ধরে রাখাও সমান জরুরি। বইটি সেই শিক্ষাও দেয়। নতুনদের জন্য এটি এক নির্ভরযোগ্য সূচনা, আর অভিজ্ঞদের জন্য নানা পুরনো কৌশল নতুনভাবে সাজানোর সুযোগ।
৭. দ্য রয়্যাল রোড টু কার্ড ম্যাজিক
লেখকজাঁ হুগার্ড ও ফ্রেডেরিক ব্রাউ তাসের জাদু এমন এক শিল্প, যেখানে সামান্য আঙুলের নড়াচড়াই দর্শকের চোখে অসম্ভব ঘটনা ঘটিয়ে দিতে পারে। জাঁ হুগার্ড ও ফ্রেডেরিক ব্রাউয়ের এই বই তাসের জাদু শেখার অন্যতম পরিচিত পাঠ্য। তাস মেশানো, গোপনে নির্দিষ্ট তাস চেনা, দর্শকের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া এবং নিখুঁত হাতসাফাই;প্রতিটি বিষয়ের জন্য রয়েছে অনুশীলনের পথ। বইটির বড় গুণ, এটি কৌশল শেখানোর পাশাপাশি ধৈর্য ও নিয়মিত চর্চার গুরুত্ব বোঝায়। তাসের জাদুকে নিছক খেলা থেকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে আগ্রহীদের জন্য এটি বিশেষ সহায়ক।
৮. দ্য বুক অব ম্যাজিক
সম্পাদকগার্ডনার ডোজোয়া জাদুর জগৎকে ঘিরে কল্পনা, রহস্য এবং বিস্ময়ের নানা গল্পের সংকলন এই বই। গার্ডনার ডোজোয়ার সম্পাদনায় বিভিন্ন লেখকের রচনায় তৈরি হয়েছে এক বহুমাত্রিক জাদু-জগৎ। এখানে জাদু কেবল মঞ্চের হাতসাফাই নয়; কখনও তা কল্পবিজ্ঞানের বিস্ময়, কখনও অজানা শক্তির ইঙ্গিত, কখনও মানুষের কল্পনার সীমা অতিক্রম করার প্রচেষ্টা। বিভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন কণ্ঠ বইটিকে একঘেয়ে হতে দেয় না। বাস্তব জাদুবিদ্যার বইগুলির পাশে এটি কল্পনার এক স্বতন্ত্র জগৎ খুলে দেয়। রহস্যকাহিনি ও জাদুময় সাহিত্যের পাঠকদের জন্য এটি উপভোগ্য সংকলন।

Scroll to Top