রায়গঞ্জ আদালতে তৃণমূল নেতাকে ডিম ছুঁড়ে পাল্টা মার খেল হামলাকারী

৩৬৫ দিন। জয়দেব সরকার। রায়গঞ্জ আদালতে তৃণমূল নেতাকে ডিম ছুঁড়ে পাল্টা মার খেল হামলাকারী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে রায়গঞ্জের তৃণমূল নেতা বলে পরিচিত বাবাই নন্দীকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। বুধবার রায়গঞ্জ কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবাইকে যখন আদালতে তুলছিল পুলিশ তখন নিজেদের বিজেপি সমর্থক পরিচয় দিয়ে কয়েকজন বাবাইকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। পাল্টা তাদের দিকে তেড়ে যায় আদালতে উপস্থিত আইনজীবীদের একাংশ। তাদের হাত ছাড়িয়ে হামলাকারীদের কয়েকজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আইনজীবীদের একাংশে বলছেন, একজনের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই তো পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবার আইন অনুয়ায়ী তার বিচার হবে আদালত যদি মনে করে সে দোষী তাহলে শাস্তি পাবে না হলে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু আদালত চত্ত্বরে অভিযুক্তকে‌ কেন ডিম ছোঁড়া হবে? বিশেষ করে পুলিশের সামনে ডিম ছোঁড়া হলেও কেন তারা নীরব ছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। এটা বেআইনি তাই তারা প্রতিবাদ‌ করেছেন অভিযুক্তকে পু্লিশের হাতে তুলে দিয়েছেন তবে মারধর করা হয়নি‌ বলে দাবি তাদের। অন্যদিকে, রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব মেনে নিয়েছে যে যারা ডিম ছুঁড়েছিল তারা তাদের-ই কর্মী। যদিও ডিম ছোঁড়ার মধ্যে অন্যায় কিছু দেখছেন না তারা। বিজেপির দাবি, বাবাই নন্দী দীর্ঘদিন ধরে তোলাবাজির সঙ্গে যুক্ত। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সে দাগী অপরাধী তাকে যদি কেউ ডিম ছোঁড়ে তাহলে ঠিক করেছে। পুলিশের উচিৎ ডিম ছোঁড়ার জন্য যারা কালো কোর্ট পড়ে মারধর করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আদালত চত্ত্বরে অশান্তির পর সেখানে নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে। তবে ডিম ছোঁড়ায় অভিযুক্তকে গ্রেফতার করা‌ হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

Scroll to Top