৩৬৫ দিন। ভারতীয় রাজনীতিতে কার্যত নজিরবিহীন। আজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের জন্য তৃণমূলের জোড়া ফুল প্রতীকেই মনোনয়নপত্র পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল এ শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল বি শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। আজ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান কালীঘাট এ শিবিরের প্রার্থী সঞ্চিতা। অখিল গিরি জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দেকে। তিনি আজ মনোনয়ন করছেন। আমরা চাই প্রশাসন যেন শান্তিপূর্ণ নির্বাচন করে। পরে দুপুরে মনোনয়ন জমা দিতে যান এহেতাশ।
2026 সালের বিধানসভা নির্বাচনের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল বি শিবির তৈরি হলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক কারা ব্যবহার করতে পারবে তা এখনো জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। এই পরিস্থিতিতে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছে দুই শিবির। যা ভারতীয় রাজনীতিতে কার্যত নজিরবিহীন। আজ মনোনয়ন পত্র পেশ করার পরে সঞ্চিতা প্রধান দে বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমাকে মনোনয়ন জমা করতে অনুমতি দেওয়া হয়েছে। সেই মতো আমি মনোনয়ন জমা করেছি। বাকি দল যে ভাবে নির্দেশ দেবে, সেই ভাবে আগামী দিনে নির্বাচনী কর্মকাণ্ড চলবে।



