দৃশ্যম: দ্য কনক্লুশন ট্রেলার মুক্তি পেতেই তোলপাড়

৩৬৫ দিন। বলিউডের বহুল চর্চিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার মুক্তির পর থেকেই তোলপাড় শুরু হয়েছে নতুন চরিত্রদের ঘিরে। বিশেষ করে ‘দৃশ্যম ২’-এ আইজি তরুণ আহলাতের ভূমিকায় অভিনয় করা অক্ষয় খান্নার অনুপস্থিতি এবং তাঁর জায়গায় জয়দীপ আহলাতের উপস্থিতি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। তবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে মুখ খুলেছেন জয়দীপ। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজেকে অক্ষয় খান্নার বিকল্প বা ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে ভাবছেন না তিনি। অক্ষয় খান্নার সঙ্গে তুলনার বিষয়ে জয়দীপ বলেন, পরিচালক অভিষেক পাঠক যখন আমাকে গল্পটি শোনান, তখন মনে হয়নি আমি অক্ষয় স্যারের জায়গায় আসছি। ছবিতে সম্পূর্ণ একটি নতুন চরিত্র আনা হয়েছে। তাই এই ধরণের চাপ নেওয়ার কোনও অর্থ হয় না।
একজন অভিনেতা হিসেবে তুলনার বিষয় নিয়ে আমি ভাবিনা। তিনি আরও জানান, নতুন আইজি হিসেবে সালগাঁওকর পরিবার ও মীরার সঙ্গে তাঁর চরিত্রের নতুন সম্পর্ক ও ভিন্ন মাত্রা তৈরি হবে। ফলে তিনি সম্পূর্ণ স্বাধীন ও নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করেছেন।‘ধুরন্ধর’ ও ‘ছাওয়া’ ছবির সাফল্যের পর অক্ষয় খান্না ২১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন বলে কিছু গুঞ্জন রটেছিল। পাশাপাশি চরিত্রে অভিনয়ের সময় উইগ বা কৃত্রিম চুল পরা নিয়েও প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত পারিশ্রমিক ও লুক সংক্রান্ত এই অনৈক্যের কারণেই ছবিটি থেকে সরে দাঁড়ান অক্ষয়।তবে প্যানোরামা স্টুডিওসের প্রযোজক কুমার মঙ্গল পাঠক এক সাক্ষাৎকারে অক্ষয়ের আচমকা প্রস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, চিত্রনাট্য শোনার পর অক্ষয় অত্যন্ত উৎসাহিত ছিলেন এবং ছবিটি ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। প্রযোজকের দাবি, পারিশ্রমিক নিয়ে তিনবার আলোচনা হয়েছিল এবং অর্থই তাঁর বেরিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল না। মূলত চরিত্রের হেয়ারস্টাইল নিয়ে বিরোধের পর অক্ষয় যোগাযোগের পথ বন্ধ করে দেন, যার পর প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হয়। স্টার স্টুডিও১৮ এবং প্যানোরামা স্টুডিওসের ব্যানারে অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগন, তাবু ও শ্রিয়া সরণ তাঁদের পুরনো ভূমিকায় ফিরছেন।

Scroll to Top