৩৬৫ দিন।পাপ্পা গুহ।পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান সেখ খলিলের বাড়ি ও অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল। শনিবার রাতের এই ঘটনায় এক তৃণমূল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের অভিযোগ ঘটনার পিছনে বাম এবং বিজেপির হাত আছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাম – বিজেপি। তৃণমূলের অভিযোগ শনিবার রাতে খলিলের বাড়ি সংলগ্ন অফিসে বসেছিলেন সেখ তৈমুর নামে এক তৃণমূল কর্মী। সেইসময় খলিল ও তার পরিবারের কেউ ছিলেন না। অভিযোগ ৪০-৫০ জন সেখানে হাজির হয়ে খলিলের বাড়ি ও অফিসে ভাঙচুর করে। বাধা দিতে গেলে তৈমুরকেও মারধর করা হয় বলে অভিযোগ । পরে খবর পেয়ে আসে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৈমুরকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করে। বিধায়ক গুলশান মল্লিক বলেন এই ঘটনা বাম এবং বিজেপি একসঙ্গে ঘটিয়েছে। বামেদের পক্ষে ফরোয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন এটা স্পষ্ট জনরোষ। বিজেপি নেতা মোহিত ঘাঁটির দাবি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।
পাঁচলার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি ও অফিস ভাঙচুরের অভিযোগ
- khabar365din
- August 30, 2026
- 2:35 pm
- No Comments





