হাওড়ায় ১১ বছর আগের চাঞ্চল্যকর খুনের মামলায় যাবজ্জীবন সাজা আসামীর

৩৬৫ দিন। হাওড়ায় ১১ বছর আগের চাঞ্চল্যকর একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা আসামীর। গত ২০১৫ সালের এক চাঞ্চল্যকর খুনের মামলায় সাজা ঘোষণা করল হাওড়া আদালত। মূল অভিযুক্ত বিনোদ সিংকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল হাওড়ার প্রথম ফাস্ট ট্র্যাক আদালত। শুক্রবার বিচারক সুব্রত ঘোষ এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি বিনোদকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটা নাগাদ দাসনগর থানার জলার মাঠ এলাকায় বেবী মান্নার বাড়িতে হামলা চালায় বিনোদ সিং ও তার কয়েকজন সহযোগী। তাঁদের মূল লক্ষ্য ছিল বেবী মান্নার স্বামী গোবিন্দ মান্না। পুরনো শত্রুতার জেরে গোবিন্দকে খুনের উদ্দেশ্যেই ওই হামলা বলে তদন্তে উঠে আসে। ঘটনার সময় গোবিন্দ বাড়িতে ছিলেন না। বাড়ির ঘরে শুয়ে ছিলেন গোবিন্দের ছেলে সত্য মান্নার বন্ধু সঞ্জয় দাস। অভিযোগ, গোবিন্দকে লক্ষ্য করে আসা দুষ্কৃতীরা ভুল করে সঞ্জয়কেই গোবিন্দ বলে শনাক্ত করে। এরপর বিনোদ সিং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সঞ্জয়ের দিকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে দাসনগর থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রযুক্তিগত তথ্য ও সোর্সের সাহায্যে মূল অভিযুক্ত বিনোদ সিং-সহ অভিজিৎ, অমিত ও আকাশ নামে আরও তিনজনকে গ্রেফতার করে।

Scroll to Top