৩৬৫ দিন।দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘরে। ওই জাদুঘরে কাচের বাক্সে রাখা ছিল মিসরের রানি নাজলির ব্যবহৃত একটি হীরার হার। প্রায় ২০০ ক্যারেট ওজনের হারটি ৬৭৩টি হীরায় খচিত। গত বৃহস্পতিবার বিকেলে দর্শনার্থীদের চোখের সামনে থেকে হারটি চুরি হয়ে গেছে।
ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে চলছিল বিশেষ এক প্রদর্শনী। দর্শনার্থীদের ভিড়ে সাধারণ মানুষের মতোই জাদুঘরে ঢুকেছিল দুই ব্যক্তি। হাতুড়ির আঘাতে কাচ ভেঙে মাত্র কয়েক সেকেন্ডে হারটি নিয়ে চম্পট দেয় তারা। ঘটনা এত দ্রুত ঘটে যে উপস্থিত দর্শনার্থীরা কিছু বুঝে ওঠার আগেই হারটি উধাও।ভিয়েনা পুলিশ জানিয়েছে, অন্য সাধারণ দর্শনার্থীদের মতোই টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করে ওই দুই ব্যক্তি। কোনো মুখোশও ছিল না তাদের। জাদুঘরে ঢুকেই তারা সরাসরি মূল প্রদর্শনী কক্ষে চলে যায়। এরপর কাচের বাক্স ভেঙে নিয়ে যায় হারটি।





