৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রামচন্দ্রপুর গ্রামে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। আর এই ঘটনায় ওই বাড়ির দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। আচমকা ঘটে যাওয়া এই বিপর্যয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ হঠাৎ করেই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। কিছু বুঝে ওঠার আগেই মাটির চাল ও দেওয়ালের নিচে চাপা পড়ে যান বাড়ির ওই দুই বাসিন্দা। আওয়াজ পেয়েই আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর স্থানীয়রাই তড়িঘড়ি হাত লাগিয়ে ধসে পড়া মাটির স্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।তবে কোনও মতে প্রাণরক্ষা হলেও ওই পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। এমনকি ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে অত্যন্ত জরুরি সমস্ত নথিপত্রও ওই মাটির নিচেই আটকে রয়েছে। চোখের সামনে মাথা গোঁজার ঠাঁইটুকু এভাবে ভেঙে পড়ায় চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছে পরিবারটি। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




