৩৬৫ দিন।পাপ্পা গুহ। কলকাতার পর এবার হাওড়া। বুধবার দুপুরে হাওড়ার আন্দুল মৌড়ী এলাকায় একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম গোপা মুখোপাধ্যায় (৬৫)। জানা গেছে এদিন দুপুরে বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় দুটি ফ্ল্যাট। আতঙ্কে আবাসন থেকে বের হওয়ার জন্য হুড়াহুড়ি পড়ে যায় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডোমজুড় থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। একে একে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি বহুতলের ভিতরে আটকে পড়া ১২ জন বাসিন্দাকে উদ্ধার করে দমকলের কর্মীরা। কি কারনে আগুন লেগেছে দমকল তদন্ত করে দেখছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (সাউথ) গনেশ বিশ্বাস জানান উত্তরায়ন অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সময়মত হস্তক্ষেপের কারনে আগুন ছড়িয়ে পড়তে পারিনি। প্রথমে স্থানীয় যুবকেরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। পরে দমকল আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রশাসন সূত্রে খবর আবাসনের বাকি বাসিন্দার নিরা্পদে আছেন। তাদের আপাতত স্থানীয় একটি ক্লাবে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় ত্রান সামগ্রী দেওয়া হচ্ছে। আবাসনের অগ্নিনির্বাপক ব্যাবস্থা ছিল কিনা, রক্ষনাবেক্ষন ঠিকমত করা হত কিনা সব দিক খতিয়ে দেখা য়চ্ছে। অন্যদিকে অগ্নিকান্ডের পরেই আবাসনের অগ্নিনির্বাপন ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ বহুতলে অগ্নিনির্বাপক ব্যাবস্থা সঠিক ছিলনা। আবাসনে একটি মাত্র সিঁড়ি। ফলে আগুন লাগার পর বাসিন্দাদের বের হতে সমস্যা হয়।




