৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য ও বিতর্ককে কেন্দ্র করে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে, ঠিক সেই আবহেই নেতাজির নামে জনসেবামূলক উদ্যোগকে সামনে আনল বিজেপি। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই হুগলির শ্রীরামপুর বিধানসভা এলাকার মানিকতলায় অটো বাজার বাজাজ শোরুমের উল্টোদিকে উদ্বোধন হল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’-এর। এই সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেবা কেন্দ্রের পথচলা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুমনা সরকার, বিধায়ক দিলীপ সিং, অরূপ কুমার দাস, তুষার কুমার মজুমদার-সহ সুশীল সিং বিজেপির রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব। পাশাপাশি দলের কর্মী-সমর্থকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মাথায় রেখে এই সেবা কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় মানুষের সঙ্গে দলের সাংগঠনিক যোগাযোগ আরও নিবিড় করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং নাগরিক সমস্যার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার লক্ষ্যেই এই ধরনের সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের সঙ্গে যুক্ত করে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, নেতাজির দেশপ্রেম, আত্মত্যাগ এবং মানুষের জন্য কাজ করার আদর্শকে সামনে রেখেই জনসেবার পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদও জানানো হয়। এই পরিস্থিতিতে নেতাজির নামে সেবা কেন্দ্র উদ্বোধনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শ্রীরামপুরে এই কেন্দ্র চালুর মধ্য দিয়ে স্থানীয় মানুষের কাছে সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও সংগঠিতভাবে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নেতাজির নামাঙ্কিত এই সেবা কেন্দ্র আগামী দিনে শ্রীরামপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষের কতটা উপকারে আসে, এখন সেদিকেই নজর থাকবে।
হুগলির শ্রীরামপুরে নেতাজির নামে সেবা কেন্দ্র উদ্বোধন
- khabar365din
- August 25, 2026
- 4:44 pm
- No Comments





