৩৬৫ দিন। বৃষ্টিতে দুর্যোগের মধ্যে হাওড়ার সালকিয়ায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, দোতলার ঘরে আটকে পড়া বৃদ্ধকে জানলা কেটে উদ্ধার করলেন দমকল কর্মীরা। সোমবার সকাল থেকে হাওড়াতেও অতি ভারী বৃষ্টি হচ্ছিল। আর তার মাঝেই উত্তর হাওড়ার সালকিয়ায় শ্রীরাম ঢ্যাং রোডে একটি পুরনো বাড়ির একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনতলা বাড়ির দোতলায় ঘরের মধ্যে আটকে পড়েন এক বৃদ্ধ।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে জানলা কেটে তাঁকে উদ্ধার করেন। তিনি সুস্থ রয়েছেন বলে দমকল সূত্রে জানা গেছে। এদিন ঘটনাটি ঘটে শ্রীরাম ঢ্যাং রোড সালকিয়া বাবুডাঙা পাওয়ার হাউসের কাছে। বৃষ্টির মধ্যে বিপদজনক অবস্থায় থাকা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। দমকল সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১-২০ মিনিট নাগাদ মালিপাঁচঘড়া থানা এলাকার সালকিয়ার ১৫১, শ্রীরাম ঢ্যাং রোডে ওই ঘটনাটি ঘটে। তিনতলা পুরনো একটি বাড়ির ছাদের কার্নিস সহ একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দোতলার ঘরে ৬২ বছর বয়সী এক বয়স্ক ব্যক্তি ঘরের মধ্যে আটকে পড়েন। দমকল কর্মীদের তৎপরতায় ধ্বংসস্তুপের মধ্য থেকে জানলা কেটে ওনাকে ঘরের মধ্যে থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় দমকলের ২টি ইঞ্জিন ওই উদ্ধারকার্য শেষ করে। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ এবং হাওড়া পুরসভার আধিকারিকরা সেখানে ছুটে যান। এদিকে, ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে পুরসভা।

Scroll to Top