৩৬৫ দিন।শুভদীপ দে।হুগলি। এ যেন এক অপরিচিত চন্দননগর! আলোক উজ্জ্বল দশমীর পরেই খাঁ খাঁ মণ্ডপ, নেই আলোর রোশনাই, কোথাও দেখা যাচ্ছে না জনসমুদ্র, প্রাকৃতিক দুর্যোগ আকভানের দাপটে থমকে ঐতিহ্যের বিশ্বসেরা বিসর্জন এর শোভাযাত্রা, মণ্ডপে বিরাজ করছেন মা জগদ্ধাত্রী, বিষণ্ণ শহরে বাড়তি দু’দিন মায়ের সান্নিধ্যই উদ্যোক্তাদের সান্ত্বনা। যে শহরের দশমীর সন্ধ্যা মানেই আলোর বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসমুদ্র আর উৎসবের উন্মাদনা, সেই আলোর শহরে চন্দননগরেই এ বার একাদশীর ছবি কার্যত অচেনা। মণ্ডপে বিরাজ করছেন মা জগদ্ধাত্রী। অথচ নেই আলোর ঝলকানি, নেই দর্শনার্থীদের চেনা ভিড়, নেই বিসর্জনের আনন্দে মেতে ওঠা জনতা। কোথাও মণ্ডপের সামনের অংশ খোলা, কোথাও খুলে ফেলা হয়েছে সাজসজ্জা। ফাঁকা স্ট্যান্ড রোড, নিস্তব্ধ রাজপথ আর আলো-আঁধারিতে দাঁড়িয়ে থাকা প্রতিমা, প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর দাপটে এ যেন সম্পূর্ণ অন্য এক চন্দননগর।






