বসন্ত কেবিনে হাংরি মুভমেন্ট নিয়ে আড্ডা

৩৬৫ দিন।ছয়ের দশকের সেই ক্ষুধা আসলে শুধু পেটের ছিল না, ছিল ভাষার, ভাবনার, প্রকাশের স্বাধীনতার। প্রচলিত সাহিত্যিক রুচি, সামাজিক শিষ্টাচার আর প্রতিষ্ঠিত শিল্পবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল যে প্রজন্ম, তাদেরই নাম হাংরি জেনারেশন। সময় পেরিয়ে সেই সাহিত্যিক বিদ্রোহের ইতিহাস আবার ফিরে আসছে কলকাতার সাংস্কৃতিক পরিসরে। শহরের বসন্ত ক্যাবিনকে ঘিরে এই সাহিত্যিক আন্দোলনের স্মৃতি ও চর্চা নতুন করে আলোচনায় উঠে আসছে। পাশাপাশি ডিএজি-র সিটি অ্যাজ আ মিউজিয়াম এর উদ্যোগে শনিবার কলকাতার বসন্ত ক্যাবিন বিশেষ অনুষ্ঠান ইন দ্য সোয়ার হাংরি টাইম আয়োজন করা হয়।লেখিকা মৈত্রেয়ী চৌধুরীর পরিচালনায় অংশগ্রহণমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে ফিরে দেখা হয় হাংরিয়ালিস্ট আন্দোলনের ইতিহাস।
সাহিত্যের প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ
বাংলা সাহিত্যের ইতিহাসে হাংরি জেনারেশন এমন একটি আন্দোলন, যা শুধু কবিতার ভাষা বদলায়নি, বদলে দিয়েছিল সাহিত্যকে দেখার দৃষ্টিভঙ্গিও। ১৯৬১ সালে শুরু হওয়া এই আন্দোলনের মূল সুর ছিল প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। প্রেম, প্রকৃতি কিংবা রোম্যান্টিকতার চেনা বৃত্ত থেকে বেরিয়ে কবিতায় জায়গা পেয়েছিল দারিদ্র্য, যৌনতা, হতাশা, নাগরিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের অস্তিত্বের লড়াই। সাহিত্য যে অস্বস্তিকর বাস্তবকেও ধারণ করতে পারে, সেই কথাই জোরালোভাবে সামনে এনেছিলেন এই প্রজন্মের কবিরা।
ক্ষুধা শুধু পেটের নয়, সৃষ্টিরও
এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ মলয় রায়চৌধুরী ও সমীর রায়চৌধুরী। ২০০৩ সালে মলয় রায় চৌধুরী সাহিত্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করে।তাঁদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শৈলেশ্বর ঘোষ, দেবী রায়, সুবিমল বসাক, ফাল্গুনী রায়, ত্রিদিব মিত্র এবং প্রদীপ চৌধুরীর মতো কবি-সাহিত্যিকরা। আন্দোলনের প্রাথমিক পর্বে যুক্ত ছিলেন শক্তি চট্টোপাধ্যায়ও। ‘হাংরি’ অর্থাৎ ক্ষুধার্ত-কিন্তু এই ক্ষুধা নিছক খাদ্যের নয়। এটি নতুন ভাষা তৈরির ক্ষুধা, প্রচলিত ছন্দ ও ব্যাকরণের বাইরে যাওয়ার তাগিদ, নিজের মতো করে লেখার স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা। তাঁদের কাছে কবিতা ছিল শুধু সৌন্দর্যের উদ্‌যাপন নয়, বরং সময়ের অসংগতি, ক্ষোভ এবং অস্বস্তিকে প্রকাশ করার হাতিয়ার।
বিতর্কের কেন্দ্রে মলয় রায়চৌধুরীর কবিতা
হাংরি আন্দোলনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি মলয় রায়চৌধুরীর প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাকে ঘিরে। ১৯৬৪ সালে কবিতাটিকে কেন্দ্র করে অশ্লীলতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিতর্ক আরও স্পষ্ট করে দেয়, প্রচলিত সাহিত্যিক রুচির সঙ্গে এই নতুন প্রজন্মের সংঘাত কতটা তীব্র ছিল। লিটল ম্যাগাজিন, ইস্তাহার এবং কবিতার মাধ্যমে তাঁদের বক্তব্য ছড়িয়ে পড়েছিল। সাহিত্য ছাড়াও দৃশ্যশিল্পের ক্ষেত্রেও সামাজিক ও নান্দনিক বিধিনিষেধ ভাঙার প্রবণতা এই আন্দোলনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কবিতা পাঠে ফিরে দেখা হাংরিয়ালিস্ট আন্দোলন
এই প্রেক্ষাপটেই কলকাতায় বিশেষ আয়োজন করে ডিএজি-র সিটি অ্যাজ আ মিউজিয়াম।শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের নাম ছিল ইন দ্য সোয়ার হাংরি টাইম।লেখিকা মৈত্রেয়ী চৌধুরীর পরিচালনায় অংশগ্রহণমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে ফিরে দেখা হবে হাংরিয়ালিস্ট আন্দোলনের ইতিহাস। কীভাবে শিল্পীরা প্রান্তিক মানুষের জীবন, অশ্লীলতার ধারণা এবং রুক্ষতাকে তাঁদের শিল্পের কেন্দ্রে নিয়ে এসেছিলেন, তা উঠে আসবে এই আয়োজনে।
সময় পেরিয়েও প্রাসঙ্গিক সেই বিদ্রোহ
আসলে হাংরি জেনারেশনকে ফিরে দেখা মানে শুধু কয়েকজন কবির লেখা কিংবা ষাটের দশকের সাহিত্যচর্চাকে স্মরণ করা নয়। বরং প্রশ্ন তোলা শিল্পের সীমা কে ঠিক করে? সাহিত্যের ভাষা কেমন হবে, তা নির্ধারণের অধিকারই বা কার? কয়েক দশক আগের সেই প্রশ্ন আজও প্রাসঙ্গিক। তাই এই আয়োজন নিছক স্মৃতিচারণ নয়, বরং বাংলা সাহিত্যের এক সাহসী বিদ্রোহকে নতুন সময়ের চোখে পড়ার সুযোগ।

Scroll to Top