৩৬৫ দিন। বীরভূমে এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু ঘিরে সামনে এল পুলিশের অভিযানের বিবরণ। রবিবার নানুরে অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় রতন শেখের। পুলিশের বক্তব্য, অভিযানের মাঝেই আচমকা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় সে। পুলিশকর্মীদের জীবন রক্ষা করতে পাল্টা গুলি চালানো ছাড়া অন্য কোনও পথ ছিল না। কীভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সোমবার সাংবাদিকদের সামনে তার ব্যাখ্যা দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ।
বীরভূমের এনকাউন্টারের বিবরণ দিলেন পুলিশ সুপার
তদন্তকারীদের দাবি, রতনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ। তার বিরুদ্ধে আগে থেকেই ৩৬টি মামলা নথিভুক্ত ছিল। চুরি ও ডাকাতির মতো অপরাধের অভিযোগও রয়েছে সেই তালিকায়। অতীতে একাধিকবার গ্রেফতার হয়ে বিভিন্ন জেলে কাটিয়েছে সে। বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরই তাকে ঘিরে নতুন করে তদন্ত শুরু হয়। এসপি বলেন, ‘ওর বিরুদ্ধে তদন্ত করা চলছিল। পুরনো ৩৬টা মামলা আছে। চুরি, ডাকাতির মতো অন্যান্য ধারা ছিল। অনেকবার গ্রেফতার হয়েছে। নানা জেলে ছিল এতদিন ধরে। ঘটনার দিন বোলপুর সংশোধনাগার থেকে ছাড়া পায়।’
১৩ তারিখ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে রতনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ‘ওঁকে জেরার সময় অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। সেই তথ্য পাওয়ার পর খতিয়ে দেখা হয়। এরপর ওকে ফের জেরা করা হয়। ১৩ তারিখ যে ঘটনা ঘটেছিল (পুলিশকে গুলি) তারপর ও কোথায় কোথায় গিয়েছিল, আর কোথায়-কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে সবটা জানায়।’ সেই তথ্যের ভিত্তিতে পুলিশি দল পৌঁছয় নানুরের একটি ইটভাটায়। পুলিশের দাবি, সেখানে গিয়ে রতন প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করে। এরপর ঝোপের ভিতর থেকে বন্দুক বার করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি পুলিশের গাড়িতে লাগে। পরিস্থিতি বুঝে পুলিশও পাল্টা গুলি চালায়। এসপির বর্ণনায়, ‘সেই মতো নানুরের একটি ইট ভাটায়ও পুলিশকে নিয়ে আসে। ওইখানে উনি পৌঁছতেই এ দিক ওদিক খুঁজতে শুরু করে কোথায় বন্দুক লুকিয়ে রেখেছেন। এরপর হঠাৎ করে বসে যায় ও। তারপর ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের টিমের উদ্দেশে গুলি চালায়। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপরই আত্মরক্ষার স্বার্থে রতনকে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।’ গুলিবিদ্ধ হওয়ার পরেও রতন ফের গুলি চালানোর চেষ্টা করেছিল বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদিত রাজ বুন্দেশ। এসপি বলেন, ‘এই ঘটনার পরও উনি দাঁড়িয়ে ফের গুলি চালানোর চেষ্টা করেন। এরপরই উনি আহত হন। ওঁর প্রাণ বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানুর বিপিএসসিতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওঁকে মৃত বলে ঘোষণা করেন।’ পুলিশের দাবি অনুযায়ী, অস্ত্র উদ্ধারের অভিযান চলাকালীন রতনের গুলিতেই প্রথমে বিপদের মুখে পড়ে পুলিশকর্মীরা। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্যই পাল্টা গুলি চালানো হয়েছিল। তবে এই ঘটনাকে ঘিরে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার এবং এনকাউন্টারের পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে পারে।
গ্রেফতার আরো ২
শান্তিনিকেতন মামলার সূত্র ধরেই রতনের দুই সহযোগী রমেশ লোহার এবং নূর হোসেন শেখকে বোলপুর ও লাভপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, রবিবার রাতে অভিযান চালিয়ে এই দু’জন কে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে তাদের ধরা হয় সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রতন শেখ জেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে রিসিভ করতে এসেছিল রমেশ, নূর ও আরোও একজন। ওই দিন বিকেল পর্যন্ত এই চারজন একসঙ্গে ছিল। পরে নূর ও একজন অন্যদিকে চলে যায় আর রমেশ ও রতন যায় লায়েক বাজারের দিকে। সেখানেই গুলি চালনার ঘটনা ঘটে। ফলে রমেশ গুরুত্বপূর্ণ সাক্ষী এই ঘটনায়। পুলিশের দাবি, জেল থেকে বেরিয়েই নতুন অ্যাসাইমেন্ট হাতে নিয়েছিল রতন। তবে তাকে আগ্নেয়াস্ত্র কে দিল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ চাইছে এই দুজনকে জেরা করে তাদের তৃতীয় সঙ্গীর খোঁজ পেতে।
গুলিবিদ্ধ হওয়ার পরেও রতন ফের গুলি চালানোর চেষ্টা করেছিল
প্রকাশ্যে আনলেন বীরভূমের পুলিশ সুপার
- khabar365din
- November 16, 2026
- 4:37 pm
- No Comments





