সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ বিভ্রাট
ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে গুরুতর অসুস্থ দুই রোগী

৩৬৫ দিন। সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ বিভ্রাট। ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে গুরুতর অসুস্থ দুই রোগী। ভুল স্বীকার করে নিয়ে হাসপাতাল জানাচ্ছে, কে বা কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।‌ কিন্তু প্রশ্ন উঠছে, এমন মারাত্মক ভুল হল কি করে? গোটা ঘটনায় আতঙ্কিত অন্য রোগী ও তাদের পরিজনেরাও। সূত্রের খবর, জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। যে দুই রোগীর রক্তের গ্রুপে ভুল হয় তাদের মধ্যে একজন হলেন জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা। তাঁর রক্তের গ্রুপ ‘এবি’ পজেটিভ। অন্যজন জলপাইগুড়ির রানীনগর এলাকার বাসিন্দা বলিন রায়। তাঁর রক্তের গ্রুপ ‘এ’। বীরেন্দ্রনাথের পরিবারের অভিযোগ তাকে ‘এ’ গ্রুপের রক্ত দেওয়া হয়।
অন্যদিকে বলিন রায়ের পরিবার বলছে বলিনকে ‘এবি’ গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। অর্থাৎ দুই রোগীর মধ্যে রক্ত অদল বদল হয়ে গিয়েছে। দুজনের-ই পরিবার জানাচ্ছে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে তাদের রোগী অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা‌ সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে ভর্তি বাকি রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। অনেকের আত্মীয়য়রা তাদের রোগীকে ছাড়িয়ে নেবেন বলেও জানান।‌ যদিও হাসপাতালের তরফে ভুল স্বীকার করেও জানানো হয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন রোগীর মধ্যে রক্ত অদল বদল হয়ে গিয়েছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। যদিও কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল তা কিছু জানানো হয়নি। ঘটনার গুরুত্ব বুঝে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Scroll to Top