মাটি বাঁশ খড় কাঠামো নয় কাগজেই তৈরি জগদ্ধাত্রী প্রতিমা

৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলী।  চিরাচরিত মাটি-বাঁশের বালাই নেই, শুধুমাত্র কাগজেই তৈরি চিন্ময়ী! চুঁচুড়ায় ঋতমের হাতে পরিবেশবান্ধব জগদ্ধাত্রী প্রতিমা, মাটি নেই, বাঁশ নেই, খড়ের কাঠামোও নেই! সেই কাগজ দিয়েই তৈরি হয়েছে আস্ত এক জগদ্ধাত্রী প্রতিমা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় কাগজের টুকরোতেই প্রাণ পেয়েছেন দেবী। চুঁচুড়ার বঙ্কিমকাননে অভিনব পরিবেশবান্ধব জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন আশুতোষ কলেজের ছাত্র ঋতম মণ্ডল। প্রচলিত প্রতিমা তৈরির উপকরণকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তাঁর এই শিল্পকর্ম এখন এলাকার অন্যতম আকর্ষণ।
ছোটবেলার শখ থেকেই এই অভিনব সৃষ্টির শুরু। দেখতে দেখতে কেটে গিয়েছে ১২ বছর। প্রতি বছর দুর্গা ও জগদ্ধাত্রী—দুই প্রতিমাই কাগজ দিয়ে তৈরি করেন ঋতম। এবারের জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করতে তাঁর সময় লেগেছে টানা ১৫ দিন। শুধু প্রতিমা তৈরি করেই দায়িত্ব শেষ নয়, নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ করে নিজেই পুজোর আয়োজন করেন তিনি। আগামী সোমবার থেকে শুরু হবে পুজো।
ঋতমের কথায়, “আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই জিনিসটা তৈরি করার জন্য। সারা বছর মাথায় থাকে। আর শেষ ১৫ দিনে একদম তুমুল প্রস্তুতি চলে। তখন একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে।”
শিল্পীরএই সৃষ্টির পিছনে রয়েছে দীর্ঘদিনের একাগ্রতা, কল্পনা ও শিল্পের প্রতি ভালোবাসা। বাড়ির পরিসর ছোট হওয়ায় প্রতিমা বাইরে প্রদর্শনের সুযোগ নেই বলেও জানিয়েছেন ঋতম। তবে সেই সীমাবদ্ধতা তাঁর সৃষ্টিশীলতাকে আটকে রাখতে পারেনি। চন্দননগরের বিশ্বসেরা জগদ্ধাত্রী পূজা ও উৎসবের আবহে মণ্ডল বাড়িতেও এখন সাজ সাজ রব। পরিবেশ দূষণের দাপটে যখন প্রকৃতিবান্ধব উৎসবের প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন কাগজের জগদ্ধাত্রী গড়ে ঋতমের বার্তা স্পষ্ট—ভক্তি ও শিল্পের প্রকাশে প্রকৃতির ক্ষতি করতেই হবে, এমন কোনও কথা নেই। পুজোর দিন গুলিতে দর্শনার্থী ও ভক্তবৃন্দরাও মন্ডল বাড়িতে ভিড় জমাবেন।

Scroll to Top