ভুটানকে হারিয়ে সাফ ফাইনালে ভারত, অনবদ্য লড়াই বিষ্ণু, সুহেলদের

ভারত – ২
(বিষ্ণু, সানা)
ভুটান – ১
(তাশি)

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ। পরপর দুটো কঠিন ম্যাচ জিতেছিল ভারতীয় ফুটবল দল। আজ শনিবার বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের লড়াই ছিল ফাইনালে ওঠার। বিপক্ষে ছিল ভুটান। ৯০ মিনিট শেষে ভারত জিতল, ফাইনালের টিকিট হাতে পেল, কিন্তু লড়াই কঠিন হল। প্রথম ৪৫ মিনিট ছিল ভারতের দাপট। ৮ মিনিটের মাথায় বিষ্ণুর দুরন্ত একটা গোলে এগিয়ে যায় ভারত। বাঁদিক থেকে বলটা রিসিভ করে একজন ডিফেন্ডারকে নাটমেগ করে ডান পায়ে দ্বিতীয় পোস্টের কোনাকুনি প্লেসমেন্টে বল গোলে পাঠিয়ে দিলেন। দেখার মত একটা বুদ্ধিদীপ্ত গোল। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ালো ভারত। দ্বিতীয় গোলটা এল কর্নার থেকে। জটলার মধ্যে থেকে বল ক্লিয়ার করতে পারেনি ভুটান ডিফেন্স। ভারতের ক্যাপ্টেন সানা সিং টপ নেট ফিনিশ করলেন একটা দুর্দান্ত শটে। ভুটান গোলরক্ষক দাঁড়িয়ে দেখলেন শুধু। মনে হচ্ছিল সেকেন্ড হাফ শুরু হলে ভারত আরও আক্রমণ করবে এবং ব্যবধান বাড়াবে। কিন্তু হঠাৎ করেই মুসার অতিরিক্ত ডিফেন্সিভ মানসিকতা ভারতকে দুই গোলের লিড বাঁচানোর মানসিকতায় নিয়ে গেল।
যদিও তার মধ্যেই আরো একটা পেনাল্টি পেয়েছিল ভারত। সুহেল বল বসিয়ে মারতে যাবেন এমন সময় রেফারি থামালেন ভিডিও রেফারেলের জন্য। ভিডিও দেখে ভারতের পেনাল্টি ক্যানসেল করে দেওয়া হল। ভারতের ছেলেরা প্রতিবাদ জানালেও রেফারি কর্ণপাত করলেন না। সাইড লাইনে সহকারি রেফারির কাছে চিৎকার করতে দেখা গেল কোচ নওশাদকে। এছাড়াও ভারত তিন নম্বর গোলটা পেয়ে যেতে পারত যদি না সুহেল ভাটের দুরন্ত শট ক্রস পিসে না লেগে ফিরত। শেষ দিকে অবশ্য চাপ বাড়িয়েছিল ভুটান। কিন্তু ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ সজাগ থাকায় আর দ্বিতীয় গোল হজম করতে হয়নি ভারতকে। ভুটানের গোলটা হয়েছিল ম্যাচের ৪৭ মিনিটে। তাশি যখন গোলটা করছেন ভারতের ডিফেন্স লাইন দাঁড়িয়ে গেল। এক্ষেত্রে সম্পূর্ণ দোষ ডিফেন্ডার সন্দীপ মান্ডির। তিনি সঠিক সময়ে বল ক্লিয়ার করতে পারেননি। ম্যাচ শেষে ভারতের কোচ মুসা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে আরও একবার ফাইনাল খেলবে তার দল এটাই সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশ অথবা পাকিস্তান ফাইনালে যেই উঠুক ভারত তৈরি থাকবে। তিনি এবং তার ছেলেরা মাথায় রাখছে না ভারত নয় বারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ অথবা পাকিস্তান দুটো দলকেই সম্মান দিয়েছেন ভারতের কোচ। তবে তার লক্ষ্য আর একবার ফাইনাল দিতে ভারতের এই ট্রফি জয়ের সংখ্যাটা দশে নিয়ে যাওয়া। নিখিল প্রভু পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে তাকে ফাইনালে পাওয়া নিয়ে সমস্যা নেই মনে করছেন মুসা।

Scroll to Top