৩৬৫ দিন। শক্তি চট্টোপাধ্যায় তাঁর প্রিয় কবি, বরাবর তিনি সে কথা বলেছেন। জনসভায় প্রধানমন্ত্রীকে শক্তি চট্টোপাধ্যায়ের ছবি উপহার দিয়েছেন তিনি। শনিবার কবির বাসভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কবি পুত্র সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে এদিন বিকেলে কবির বাড়িতে যান শমীক ভট্টাচার্য। শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁর। মীনাক্ষী চট্টোপাধ্যায় তাঁর লেখা ‘আন্তরিক পর্যটনে’ বইটি উপহার দেন শমীককে। এরপর বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘ওর (শক্তি চট্টোপাধ্যায়) পুত্রের আমন্ত্রণে এসেছিলাম। ওঁর স্ত্রীর শরীর দীর্ঘদিন ধরে ভালো নেই। তাকে দেখতে এসেছিলাম। এর মধ্যে কোন রাজনীতি নেই। আমি একবার শক্তি চট্টোপাধ্যায়কে তার বাড়ির বাইরে পর্যন্ত ছাড়তে এসেছিলাম। কিন্তু বাড়িতে ঢোকা হয়নি। এই প্রথম ওঁর বাড়িতে ঢুকলাম।’ মীনাক্ষী চট্টোপাধ্যায়ের লেখা ‘আন্তরিক পর্যটনে’ বইটি মূলত শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ও জীবন নিয়ে এক স্মৃতি কথা। উপহার পাওয়া বইটি দেখিয়ে শমীক ভট্টাচার্য্য বলেন, ‘শক্তি চট্টোপাধ্যায়ের প্রায় সব বই আমার সংগ্রহে আছে। কিন্তু কবিকে নিয়ে লেখা মীনাক্ষী চট্টোপাধ্যায়ের এই বইটি আমার সংগ্রহে ছিল না। শক্তি চট্টোপাধ্যায়ের জীবন আর পাঁচজন সাধারণ কবির মতো ছিল না। শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন কারণ তাঁর সঙ্গে একজন মীনাক্ষী চট্টোপাধ্যায় ছিলেন। তাঁর জীবনের অনেক ওঠাপড়া, জটিলতা, তার ব্যক্তিগত স্মৃতি রোমন্থন রয়েছে এই বইটির মধ্যে। তাই এই বইটি আমার কাছে অত্যন্ত দুষ্প্রাপ্য।






