বাঘিনী বক্সার জঙ্গলেই ভুটান পাহাড়ে যায়নি
জানালেন বনমন্ত্রী

৩৬৫ দিন। শিলিগুড়ি। অবশেষে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে ঘুরে বেড়াতে দেখা গেল বিহার থেকে আনা বাঘিনীকে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি। শুক্রবার সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। বাঘিনীর সন্ধান মেলায় কিছুটা স্বস্তি ফিরলেও তাকে ঘিরে একের পর এক ঘটনা সামনে আসায় বন দপ্তরের অন্দরে বাড়ছে উদ্বেগ।
গত ৮ নভেম্বর বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারের নিচের মাটি খুঁড়ে পালিয়ে যায় বাঘিনীটি। এরপর থেকেই তার সন্ধানে জঙ্গলের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে বন দপ্তর। অবশেষে ট্র্যাপ ক্যামেরায় তার উপস্থিতি ধরা পড়ে। বাঘিনীকে জঙ্গলের মধ্যে দেখা যাওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বনকর্মীরা বিভিন্ন দিক থেকে জঙ্গল ঘিরে নজরদারি চালাচ্ছেন, যাতে সে কোনওভাবেই জঙ্গলের বাইরে বেরিয়ে যেতে না পারে। বিশেষ করে জঙ্গলের ভিতরে থাকা বনবস্তিগুলির বাসিন্দাদের নিরাপত্তার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে।
তবে বাঘিনীকে ঘিরে সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি হয়েছে তার অন্তঃসত্ত্বা হওয়া এবং সম্ভাব্য গর্ভপাতের ঘটনাকে কেন্দ্র করে। বন দপ্তর সূত্রে খবর, বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারের ভিতরে তিনটি রয়েল বেঙ্গল টাইগারের ভ্রূণের সন্ধান মিলেছে। এর মধ্যে দুটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। অন্যটি আংশিকভাবে খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান, বাঘিনীটি তিনটি শাবকের গর্ভধারণ করেছিল।
অভিযোগ, বিহার থেকে বাঘিনীটিকে বাংলায় নিয়ে আসার সময় সে অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু সেই বিষয়টি দুই রাজ্যের বন দপ্তরের নজরে আসেনি। ফলে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পরপর দু’বার এনক্লোজার থেকে বাঘিনীর পালিয়ে যাওয়ার ঘটনাও বন দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ)। ইতিমধ্যেই এনটিসিএ-র তদন্তকারী দল বক্সা টাইগার রিজার্ভে পৌঁছে সরেজমিনে তদন্ত করেছে। বাঘিনী যে এনক্লোজার থেকে পালিয়েছিল, সেটির নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ উঠেছে, রয়েল বেঙ্গল টাইগারের মতো বন্যপ্রাণীকে নিরাপদে রাখার জন্য যে ধরনের মজবুত পরিকাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন, সংশ্লিষ্ট এনক্লোজারে তার ঘাটতি ছিল।
এদিকে বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, গোটা বিষয়টি এখন এনটিসিএ-র তদন্তের আওতায় রয়েছে। তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে কয়েক দিন ধরে সরেজমিনে তদন্ত চালানোর পরেও এনটিসিএ-র সদস্যরা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
বাঘিনীর সন্ধান মিললেও তার স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না। এখন নজর এনটিসিএ-র তদন্ত রিপোর্টের দিকে। সেই রিপোর্টেই স্পষ্ট হতে পারে বক্সার এই ঘটনায় কোথায় গাফিলতি ছিল এবং দায় কার।

Scroll to Top