তাতা থৈথৈ’ র অনুকরণে গান সুপার হিট আপা কই কই

৩৬৫ দিন। অভিজিৎ অধিকারী। বাংলাদেশে হুলুস্থুল। দেশজুড়ে তোলপাড়। সবাই গলা ছেড়ে গাইছে, আপা কই কই..আপা কই কই..আপা কই কই/ গণ রোষে গদি ছেড়ে কে যে ভাগে…। আপা যে দেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে ৪ বছরের বাচ্চার ৪ সেকেন্ডও লাগে না। আপা দেশে ফেরার জন্য বাংলাদেশ হাই কমিশনের কাছে পাসপোর্ট ও ভিসার দরবার করেছেন। ব্যাস, তাতেই গণ রোষে ঘৃতাহুতি! বাংলাদেশে তারেক রহমান সরকার পত্রপাঠ অবশ্য আবেদন খারিজ করেছে। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি মেনে তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনাকে ফেরত চায়। পাসপোর্ট ভিসার প্রশ্নই ওঠে না। এত গেল সরকারি স্তরের প্রতিক্রিয়া, দেশের মানুষের প্রতিক্রিয়া যে আরও ভয়ংকর।
জুলাই বিপ্লবের গণরোষ যেন ফের সঞ্চারিত হয়েছে দেশজুড়ে। সোশাল মিডিয়া খুললেই এই প্রস্তাবিত আগমনের প্রতিবাদে যার যতটুকু সামর্থ তা হাতিয়ার করেই তারা গর্জে উঠেছে। তাদের বক্তব্য স্পষ্ট, যে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্ত হয়েছে দেশ সেই স্বৈরাচারী শাসককে আর নয়, খবরদার নয়। ইউটিউবে সম্প্রতি হাসিনা বিরোধী গানের জনপ্রিয়তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সেই ভাবনারই প্রতিফলন। এরমধ্যে তুমুল হইচই ফেলেছে আপা কই কই গানটি। গীতিকার সুরকার রাজীব জাহান ফেরদৌস এই সিরিজে বেশ কয়েকটি গান বেঁধেছেন। গানগুলি এ আই জেনারেটেড হলেও তার ভাবনার অভিনবত্ব অনস্বীকার্য। সিরিজের প্রথম গান আপা কই কই রবীন্দ্রনাথের ” মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে/ তাতা থই তাতা থই তাতা থই সুর অনুসরণ করে। এক্ষেত্রে রূপকার ফেরদৌসের অকপট স্বীকারোক্তি এটি প্যারোডি। রবীন্দ্র গানটি খুবই জনপ্রিয় তাই আপামর জনতার এর সঙ্গে গলা মেলাতে বা একবার শুনেই গলা ছেড়ে গাইতে কোনও অসুবিধে হয় না। ফেরদৌস গানটি রক প্যাটার্নে নিয়ে গেছেন, তাতে হেভি মেটাল ইফেক্ট। প্রতিটি ইন্টারলিউডে দীর্ঘ লিড গিটার, বেস গিটার এবং পরিশীলিত হলেও উদ্দাম ড্রামস। রবীন্দ্রনাথ রচিত গানটি কাফি রাগের ওপর ভিত্তি করে, তাল কাশ্মীরি খ্যামটা। অর্থাৎ, থ্রি ফোর বিটের ডবল। মোট ৬ টি বার, ফলে সিক্স এইটও বলা যায়। যা আমাদের অতি পরিচিত তাসার তাল এবং এই ছন্দে বহু জমাটি গান আমরা শুনেছি। সাধারণত রক গান আমরা শুনে থাকি ফোর ফোর বিটে। ফেরদৌস রবীন্দ্রনাথের গানের ছন্দ মিলিয়ে যে রকের একটা ধরন বা ফিল এনেছেন তাতেই নেচে উঠেছে বাংলাদেশ, বিশেষ করে ছাত্র যুব সমাজ, যাদের প্রতিবাদ , প্রতিরোধে রণে ভঙ্গ দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা।
সিরিজের পরের গান, আপাকে ডেকো না। সরাসরি হাসিনাকে প্রত্যাখ্যানের ডাক এবং নাম করে। এই গানের সুর মৌলিক এবং ১৯৭২- এ পপ গুরু আজম খান থেকে ৯০’ এর নগর বাউল জেমস প্রোথিত রক অ্যান্ড রোল চর্চায় জারিত। গানের প্রথম কয়েকটি লাইন এরকম,
আপাকে ডেকো না, ফেরানো যাবে না/ ফেরারী হাসিনা কোথাও যাবে না/ দেশে ডেকো না, ফেরানো যাবে না/ তোমাদের আপা কোথাও যাবে না। পরের গান আপা ফিরবে। এটাও সরাসরি ফেরার প্রস্তাবের বিরুদ্ধে লেখা। এর ক্যাচ লাইন — আপা ফিরবে, দেশে ফিরবে নাকি ফিরবে না। এটাও ফোর ফোর, প্যাটার্ন এক, শুধু একটু প্যাথোজ (বোধ হলো ব্যঙ্গ)। আপা ফিরবের পরের পর্ব, ও শাওন। এটা প্যারোডি। অরুণ চক্রবর্তীর লেখা লালপাহারীর দেশে যা/ রাঙ্গামাটির দেশে যা/ হিতক তুকে মানাইছে না রে, হিতক তুকে মনাইছে না রে। গানটির চলন বজায় রেখে ফেরদৌস গেয়েছেন, ভারতের ওই দেশে যা/ মোদির ওই দেশে যা/ বাংলাদেশে মানইছে না রে/ এক্কেবারে ম্যানাইছে না রে। হাসিনার প্রতি বিদ্বেষ যে এতটা তীব্র, এমনকি ভারত ও মোদি সরকারের বিরুদ্ধেও তা চাপা থাকেনি। ইউটিউবে প্রতিদিন নতুন নতুন শিল্পীর উদয় হচ্ছে হাসিনা বিরোধী এ ধরনের সব ক্ষেপণাস্ত্র নিয়ে। তালিকায় হাসিনাপন্থী কিছু আছেন, তবে তারা স্রোতে ভেসে গেছেন।

Scroll to Top