৩৬৫ দিন। পাহাড়ের নিভৃত ঘরে এক আশ্চর্য গল্পকার ১৯৩৪ সালের ১৯ মে হিমাচল প্রদেশের কাসৌলিতে জন্ম রাস্কিন বন্ডের। চলতি বছরের মে মাসে তাঁর বয়স হয়েছে ৯২। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি লিখেছেন পাঁচ শতাধিক ছোটগল্প, প্রবন্ধ ও উপন্যাসিকা। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক বলে বিভিন্ন প্রকাশনা ও সংবাদমাধ্যমে উল্লেখ রয়েছে। শিশু-কিশোরদের জন্যই তাঁর বইয়ের সংখ্যা সত্তরের বেশি। এই বিপুল সৃষ্টির মধ্যেও তাঁর লেখার মূল সুর একই;মানুষ, প্রকৃতি, শৈশব, বন্ধুত্ব আর জীবনের ছোট ছোট আনন্দ। তবে বয়সের ভার এবার শরীরেও স্পষ্ট। কয়েক মাস আগে মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে। পায়ের স্বাভাবিক চলাচল ফিরে পেতে এখনও চেষ্টা করছেন। দৃষ্টিশক্তি কমে যাওয়ায় আগের মতো হাতে লিখতে পারেন না। এখন নাতনিকে মুখে বলে গল্প লিখিয়ে নিচ্ছেন। শারীরিক অসুবিধা তাঁকে লেখার জগৎ থেকে সরাতে পারেনি। ৯২ বছরেও তাঁর কল্পনা সচল, স্মৃতি জীবন্ত।
কেন ল্যান্ডোর?
মুসৌরির উপরের ছোট পাহাড়ি জনপদ ল্যান্ডোর তাঁর দীর্ঘদিনের ঠিকানা। এখানকার আইভি কটেজে পরিবারের সঙ্গে কাটিয়েছেন জীবনের বহু বছর। পাইনবন, কুয়াশা, পাহাড়ি পথ, পুরোনো বাড়ি, ছোট দোকান আর নির্জন প্রকৃতি;এই পরিবেশই তাঁর সাহিত্যের প্রাণ। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানকার মানুষের জীবনও তাঁকে আকর্ষণ করে। পাহাড়ি দোকানদার, পথের শিশু, ডাকপিয়ন, বৃদ্ধ, পর্যটক;সকলেই তাঁর গল্পের চরিত্র হয়ে উঠেছেন। ল্যান্ডোর ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে বসবাস করার কথা তিনি ভাবেননি। তবে অস্ত্রোপচারের পর চিকিৎসা ও সুস্থতার জন্য বর্তমানে দেরাদুনে পরিবারের সঙ্গে রয়েছেন।
ক্যামব্রিজ বুক ডিপোর শনিবার
মুসৌরির ক্যামব্রিজ বুক ডিপো তাঁর পাঠক-পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। বহু বছর ধরে প্রতি শনিবার সেখানে যেতেন রাস্কিন বন্ড।
পাঠকদের সঙ্গে কথা বলতেন, বইয়ে স্বাক্ষর দিতেন, ছবি তুলতেন। দূরদূরান্ত থেকে মানুষ আসতেন প্রিয় লেখকের সঙ্গে কয়েক মুহূর্ত কাটাতে। বইয়ের দোকানটি যেন হয়ে উঠেছিল তাঁর পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। তবে এই শনিবারের নিয়মিত উপস্থিতি কোভিড অতিমারির পর থেকেই কমে যায়। বয়স ও শারীরিক অসুবিধার কারণে সাম্প্রতিক সময়ে সেখানে যাওয়া বন্ধ হয়েছে। তাই এখন প্রতি শনিবার তাঁকে দোকানে পাওয়া যাবে, এমনটা বলা ঠিক হবে না।
ভারতে ইংরেজি সাহিত্যকে জনপ্রিয় করলেন
এখানে একটি ঐতিহাসিক সত্য মনে রাখা জরুরি। রাস্কিন বন্ড ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রথম লেখক নন, এমনকি এই সাহিত্যের সূচনাকারীও নন। তাঁর বহু আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (বঙ্কিমচন্দ্র চট্টাপাধ্যায়ের রাজমোহন’স ওয়াইফ ১৮৬৪), রাজা রাও, আর কে নারায়ণ এবং মুল্ক রাজ আনন্দ ইংরেজিতে ভারতীয় জীবন ও সমাজের কাহিনি লিখেছেন। বিশেষ করে ত্রিশের দশকে এই তিন সাহিত্যিক ভারতীয় ইংরেজি উপন্যাসকে আন্তর্জাতিক পরিচিতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাস্কিন বন্ডের বিশেষ কৃতিত্ব অন্য জায়গায়। তিনি ইংরেজি ভাষায় ভারতীয় পাহাড়ি জীবন, ছোট শহরের মানুষ, শৈশব, প্রকৃতি ও সাধারণ মানুষের আবেগকে এমন সহজ ভঙ্গিতে তুলে ধরেছেন, যা প্রজন্মের পর প্রজন্মের পাঠককে আকৃষ্ট করেছে। শিশু-কিশোরদের মধ্যে ইংরেজি গল্পের প্রতি আগ্রহ বাড়াতেও তাঁর অবদান অসামান্য। তাঁকে তাই ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কথাশিল্পী বলা অনেক বেশি যথার্থ। তাঁর দশটি উল্লেখযোগ্য বইকাহিনি ও বিশেষত্ব।
the room on the roof
সতেরো বছরের রাস্টি দেরাদুনে অভিভাবকের কঠোর নিয়ন্ত্রণে থাকা এক কিশোর। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। নতুন বন্ধু সোমি, রণবীর ও মীনার সঙ্গে পরিচয় তার জীবনে নতুন অভিজ্ঞতা আনে। বন্ধুত্ব, প্রথম প্রেম, স্বাধীনতা এবং কৈশোরের দ্বন্দ্ব নিয়ে এই আধা-আত্মজীবনীমূলক উপন্যাস।
vagrants in the alley
এটি রাস্টির কাহিনির পরবর্তী পর্ব। বাড়ি ছেড়ে বেরিয়ে আসা রাস্টি ও তার বন্ধুদের পথচলা, জীবিকার সন্ধান, দুঃসাহসিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখানে প্রধান বিষয়। কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক জীবনে পা রাখার গল্প।
the blue umbrella
পাহাড়ি গ্রামের মেয়ে বিনিয়া একটি সুন্দর নীল ছাতা পায়। ছাতাটি গ্রামের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। দোকানদার রাম ভরসা ঈর্ষায় ছাতাটি পাওয়ার চেষ্টা করে। কিন্তু তার লোভ শেষ পর্যন্ত অনুশোচনায় বদলে যায়। ক্ষমা ও মানবিকতার অসাধারণ ছোট উপন্যাস।
a fight of piegeons
পাহাড়ি গ্রামের মেয়ে বিনিয়া একটি সুন্দর নীল ছাতা পায়। ছাতাটি গ্রামের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। দোকানদার রাম ভরসা ঈর্ষায় ছাতাটি পাওয়ার চেষ্টা করে। কিন্তু তার লোভ শেষ পর্যন্ত অনুশোচনায় বদলে যায়। ক্ষমা ও মানবিকতার অসাধারণ ছোট উপন্যাস।
delhi is not far
পিপলনগর নামের ছোট শহরে বসবাসকারী অরুণ একজন লেখক হওয়ার স্বপ্ন দেখে। তার চারপাশে নানা বিচিত্র মানুষ;দোকানদার, গণিকা, ভবঘুরে, স্বপ্নবাজ। দিল্লি তার কাছে নতুন জীবনের প্রতীক। ছোট শহরের সীমাবদ্ধতা, মানুষের স্বপ্ন ও বাস্তবতার সংঘাত এই উপন্যাসের মূল আকর্ষণ।
our tress grows in dehra
শৈশবের দেরাদুন, পরিবারের স্মৃতি, গাছপালা, পাখি এবং হারিয়ে যাওয়া সময়ের কথা নিয়ে লেখা গল্পসংকলন। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এখানে গভীর আবেগে ধরা পড়েছে। এই বইয়ের জন্যই তিনি ১৯৯২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান।
the night train at deoli and other stories
দেরাদুনগামী ট্রেনের পথে দেওলি স্টেশনে এক তরুণীর সঙ্গে কথকের পরিচয় হয়। অল্প সময়ের সেই দেখা মনে গভীর ছাপ ফেলে। পরে বারবার সেই স্টেশনে ফিরে গিয়েও সে তরুণীর খোঁজ পায় না। অসমাপ্ত পরিচয় ও স্মৃতির বিষাদ এই গল্পের সৌন্দর্য।
জনপ্রিয়তার আসল রহস্য
সাহিত্য অকাদেমি পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণে সম্মানিত রাস্কিন বন্ডের জনপ্রিয়তার কারণ তাঁর লেখার সহজতা। তিনি পাঠককে জটিল ভাষা বা বড় বড় দর্শন দিয়ে চমকে দেন না। বরং একটি ট্রেনের জানলা, একটি নীল ছাতা, বৃষ্টির শব্দ কিংবা অচেনা মানুষের সামান্য হাসির মধ্যেই খুঁজে পান গল্প। তাঁর সাহিত্য মনে করিয়ে দেয়, জীবনের বড় আনন্দ অনেক সময় ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। শরীর হয়তো এখন পাহাড়ের খাড়া সিঁড়ি ভাঙতে পারে না, কিন্তু তাঁর গল্পের রাস্টি, বিনিয়া কিংবা দেওলি স্টেশনের সেই তরুণী আজও পাঠকের কল্পনায় হেঁটে বেড়ায়।





