বিস্ফোরক সোনিয়া
পর্ব ৫

৩৬৫ দিন। ১৯৭৫ সাল। উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজনৈতিক সংঘর্ষ থেকে ইন্দিরা হটাওয়ের দাবিতে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল দেশের আইনশৃঙ্খলা‌। শেষ পর্যন্ত জারি হল জরুরি অবস্থা বা এমার্জেন্সি। ভারতের ইতিহাসে নিঃসন্দেহে কালো অধ্যায়’। কিন্তু এমার্জেন্সি কী এড়ানো যেত না? কেন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল জরুরী অবস্থা ঘোষণা? কে দায়ী ছিল শুধুই ইন্দিরা? এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন সোনিয়া তাঁর আত্মজীবনীতে। তাঁর কথায়, একটা বৃহত্তর ষড়যন্ত্র দানা বেঁধেছিল, ইন্দিরা ভুল করেছিলেন এমার্জেন্সি জারি-ই হয়তো তখন একমাত্র পথ ছিল।
বৃহত্তর ষড়যন্ত্র
সোনিয়া লিখছেন ইন্দিরাকে কোণঠাসা করে তাঁকে ক্ষমতাচ্যুত করার যে চক্রান্ত তার সলতে পাকানো শুরু হয়েছিল এমার্জেন্সি ঘোষণার পাঁচ বছর আগে ১৯৭০ সালে। ওই বছর ইন্দিরা দেশের দারিদ্রতা দূরীকরণে বেশ কিছু পদক্ষেপ করেন। ফলে তিনি ক্রমশ চক্ষুশূল হয়ে ওঠেন দেশের এক শ্রেণীর বিত্তশালীর।‌ এর মধ্যে যেমন শিল্পপতিদের একটা বড় অংশ ছিল তেমন ছিল বিদেশী শক্তির কলকাঠি। ইন্দিরা ডাক দিলেন ‘গরীবী হটাও’ পাল্টা বিরোধী বিশেষ করে আর এস এস-এর মদতপুষ্ট জনতা পার্টি ডাক দিল ‘ইন্দিরা হটাও’-য়ের। সোনিয়ার মতে, আর এস এস-র পাতা ফাঁদে পা দিলেন জেপি ( জয়প্রকাশ নারায়ণ)-র মত সমাজবাদী মতে বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব।‌ ইন্দিরা পরিস্থিতি বুঝলেন।‌ পাল্টা রণকৌশল হিসাবে ওই বছর ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দিলেন। দেশে সাধারণ নির্বাচন হল।‌ ইন্দিরার নেতৃত্বে কংগ্রেস পেল ৩৫২ আসন। বিরাট জয় পেয়ে ফের প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা। তাঁর কৌশল কাজ করল কিন্তু এবার তাঁর পথ আরো কঠিন হল।‌ একদিকে দেশে সব বিরোধীদের একজোট হয়ে সরকারকে নন পারফরমিং করার মরিয়া চেষ্টা অন্যদিকে বদলাতে থাকা আন্তর্জাতিক রাজনীতি। ভারতের সীমানায় পূর্ব পাকিস্তান ( পরে যা বাংলাদেশ হবে)-এর ভয়াবহ পরিস্থিতি।
বিমান অপহরণ, রাজীবের প্রাণ সংশয় আশঙ্কা
সোনিয়া লিখছেন, ১৯৭১ সালের জানুয়ারিতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ছোট বিমান অপহরণ করা হয় পরের পর পর আরো কয়েকটা একই রকম ঘটনা ঘটে।‌ দুশ্চিন্তায় পড়ে যান ইন্দিরা। প্রতি ক্ষেত্রেই বিমান অপহরণ করে কোনো না কোনো সন্ত্রাসবাদীকে ছাড়িয়ে নেওয়া হচ্ছিল।‌ তবে সবচেয়ে বড় চিন্তা শুরু হয় রাজীব গান্ধিকে নিয়ে। রাজীব তখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট। গোয়েন্দারা ইন্দিরাকে জানান, জঙ্গিরা রাজীব গান্ধিকে অপহরণ করার ছক কষেছে। রাজীব যে বিমানের পাইলট সেই বিমানকে অপহরণ করে কাবুল নিয়ে যাওয়া হতে পারে। সেখানে তাঁকে হত্যাও করা হতে পারে। ভয়ঙ্কর চিন্তায় পড়ে গিয়েছিলেন ইন্দিরা। তাঁর নির্দেশে রাজীবের রোস্টার শুধু যে বদলানো হল তাই নয় সেই রোস্টার অত্যন্ত গোপনীয় রাখা হয়।
সঞ্জয় গান্ধির ফাইভ পয়েন্ট অ্যাজেন্ডা
ঠিক এই সময় কংগ্রেসী রাজনীতিতে দ্রুত জায়গা করে নিচ্ছিলেন ইন্দিরার আর এক পুত্র সঞ্জয় গান্ধি।‌ তিনি রাজীবের মত রাজনীতি বিমুখ ছিলেন না আগাগোড়া রাজনীতিক ও প্রচন্ড উচ্চাকাঙ্খী। সোনিয়া লিখছেন, ‘সঞ্জয়ের অনেক দোষ ত্রুটি থাকলেও একটা বিষয় মানতেই হবে ও দায়িত্ব নিতে জানতো।‌ ভুল‌ করলে সামনে দাঁড়িয়ে বলতে পারত হ্যাঁ আমি ভুল করেছি।‌ এই সাহস‌ খুব একটা সবার থাকে না।’ সোনিয়ার মতে, সঞ্জয়ের প্রচন্ড উচ্চাভিলাশ-ই তাঁর ও দলের বিশেষ করে ইন্দিরার সর্বনাশ ডেকে আনে।‌ একদিকে জেপি, মোরারজি দেশাই, নানাজি দেশমুখরা যখন বিরোধী জোট করে ইন্দিরাকে কড়া টক্কর দিচ্ছেন তখন তার পাল্টা ‘ফাইভ পয়েন্ট প্রোগ্রাম’ ঘোষণা করলেন সঞ্জয়।‌ প্রাথমিক ভাবে দেখতে গেলে মাস্টার স্ট্রোক! অ্যাজেন্ডায় রাখা হল পণপ্রথা বিরোধী আন্দোলন, জাতি বিদ্বেষ দূরীকরণ, স্বাক্ষরতা অভিযান, পরিবার পরিকল্পনা, বৃক্ষোরোপণ ও নগর পরিকল্পনা।‌ কিন্তু সমস্যা হল সঞ্জয় দ্রুত ফল পেতে চাইলেন। তিনি বুঝলেন না এই সব সামাজিক প্রকল্প বাস্তবায়িত করতে সময় লাগে।‌ তিনি অধৈর্য হয়ে যুব কংগ্রেসের এমন সব কর্মীদের নামিয়ে দিলেন যারা অত্যন্ত অদক্ষ ও অত্যাচারী।‌ তারা জোর করে বন্ধ্যাত্বকরণ, বস্তি উচ্ছেদ, মারধর করে এমন কান্ড বাঁধালেন যে কংগ্রেসের অন্দরেই তার তীব্র বিরোধীতা শুরু হয়ে গেল। হাতে চাঁদ পেল বিরোধীরা। ফলে দ্রুত মানুষকে কংগ্রেস বিরোধী করে তোলা গেল। সোনিয়া লিখছেন, সঞ্জয়ের ব্যক্তিগত জীবন মানেকার সঙ্গে তাঁর দাম্পত্য অশান্তি ওঁর রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলতে থাকে। একটা সময় ইন্দিরার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দলকে চরম বীরাম্বনায় ফেলেন তিনি। বিদেশী সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সোনিয়া লিখছেন, ‘সঞ্জয়ের সেটা প্রথম কোনো বিদেশী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার ছিল। প্রশ্নের মার প্যাঁচ আন্দাজ করা তাঁর পক্ষে কঠিন ছিল।‌ ফলে বাছা বাছা প্রশ্নের মুখে পড়ে সঞ্জয় ইন্দিরা সরকারের-ই সমালোচনা করে বসলেন। দীর্ঘদিনের বন্ধু সোভিয়েত নিয়ে এমন সব মন্তব্য করলেন যাতে ইন্দিরার ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হল। ক্ষুব্ধ ইন্দিরা সেদিন অসহায়ের মত রাজীবকে বলেছিলেন, ‘সঞ্জয়কে আমি কি ভাবে সামলাবো জানি না। ও আমার কোনো কথাই শোনেনা।’
রাজীবের পরামর্শ না মানা ইন্দিরার ভুল ছিল
সোনিয়া লিখছেন, জেপি-র নেতৃত্বে ও আর এস এসের কৌশলে যখন গোটা বিরোধী শক্তি এককাট্টা হয়ে ইন্দিরার ইস্তফা চাইছেন তখন স্বভাবতঃই ইন্দিরা বেশ খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন।‌ সোনিয়া লিখছেন, ‘একদিন ইন্দিরা আমি আর রাজীব ডিভানে বসে এই নিয়ে আলোচনা করছিলাম।‌ প্রথমবার আমার শাশুড়িকে চিন্তিত লাগছিল। রাজীব ওর মাকে বার বার আলিঙ্গন করে জানতে চাইছিল, ‘মা কি হয়েছে?’ ইন্দিরা বলেন, ‘ওরা আমাকে সরাতে যা খুশি করতে পারে।‌ আমার কি করা উচিৎ বুঝতে পারছি না।’ রাজীব ও আমি দুজনেই পরামর্শ দিই, ‘তোমার পদত্যাগ করা উচিৎ’। রাজীব যোগ করেন,’মা,আর কয়েকমাস পর এমনিতেই নির্বাচন হবে। এখন পদত্যাগ করলে ভোটে আমরাই সুবিধা পাব। বিরোধীরা ইন্দিরা ক্ষমতালোভী এটা বলতে পারবে না।’ বলাইবাহুল‌্য,রাজীব বা আমার সেই পরামর্শ ইন্দিরা শোনেননি।‌ এর পেছনেও সঞ্জয়ের বড় ভুমিকা ছিল। কংগ্রেসের জরুরি বৈঠকে সঞ্জয় সরাসরি রাজীবের পরামর্শের বিরোধীতা করেন।‌ সঞ্জয় ইন্দিরাকে বলেন, ‘পদত্যাগের প্রশ্ন-ই ওঠে না। ওদের কথাতে তুমি পদত্যাগ করবে নাকি তাহলে তো হারার আগেই হেরে যাওয়া হবে।’ কোনো ভাবে সঞ্জয় ইন্দিরা ও দলকে এটা বোঝাতে সমর্থ হয় যার ফল হল মারাত্মক। এমন একটা পরিস্থিতি তৈরী হল যে এমার্জেন্সি ঘোষণা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ইন্দিরা এতে আহত হন। যে ভাবে তাঁকে সেই সময় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, দেশ জুড়ে অরাজকতা তৈরী হয়েছে তাতে ইন্দিরা কষ্ট পেতেন। তবে এটাও ঠিক মানুষের নাগরিক অধিকার খর্ব করে বিরোধীদের জেলে ঢুকিয়ে দেওয়া ঠিক কাজ হয়নি। নির্বাচনে হেরে সব হারিয়ে জেলে গিয়ে যার প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাঁকে।

Scroll to Top