৩৬৫ দিন। ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদ করে খুন হয়ে গেলেন এক বিজেপি কর্মী। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার পানিহাটি। নিহত অরূপ সাহার স্ত্রী রুমা সাহা পানিহাটি ১ নম্বর মন্ডলের সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় এক ব্যবসায়ীকে রবিবার কয়েকজন মারধর করছে শুনে তাকে বাঁচাতে যান মন্ডল সম্পাদক রুমা ও তার স্বামী অরূপ। অভিযোগ রুমা ঘটনাস্থলে পৌঁছলে তাকে লক্ষ্য করে কটুক্তি করে তারা। অরূপ এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনা ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর লড়াই প্রকাশ্যে চলে এসেছে। রুমার অভিযোগ ব্যবসায়ীকে মারধরের
ঘটনায় পানিহাটি ১ নম্বর মন্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি জড়িত। তার অনুগামীরাই তাকে ও তার স্বামী অরূপকে প্রথমে হেনস্থা করে তারপর অরূপকে এমন ভাবে মারে যাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তিনি অবশ্য গোটা ঘটনার দায় চাপিয়েছেন বিধানসভা ভোটের ফল বেরনোর পর তৃণমূল থেকে বিজেপিতে আসা ঘাড়ে। তাঁর বক্তব্য, এক সময় যারা তৃণমূল করতো তারাই ব্যবসায়ীর ওপর হামলা চালাচ্ছিল। আমাদের ছেলেরা গিয়ে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়।





