হুডখোলা ক্যান্টরে দেশের সব বিরোধী নেতারা

৩৬৫ দিন। একটা হুড খোলা গাড়ি। কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে সেই গাড়ি যখন স্টার্ট নিল তখন গাড়ির সওয়ারিদের দিকে তাক করে রয়েছে অন্তত কয়েক হাজার ক্যামেরা। এই ফ্রেম তো রোজ পাওয়া যাবে না। বিরোধী ঐক্যের এই ছবি তো বহু বছর পরে ফিরল। গাড়ির সামনের সিটে পর পর বসেছেন মমতা, অখিলেশ, বেবি। কিছুটা পিছনে অভিষেক। একেবারে পিছনের সিটে রাহুল। কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে বেলার দিকে মিছিল শুরু করেন তাঁরা। হুডখোলা গাড়িতে রামলীলা ময়দানে পৌঁছোন বিকেল ৩টের কিছু আগে। কংগ্রেস সূত্রে খবর, কনট প্লেস থেকে রাহুল যে মিছিল করে রামলীলায় যাবেন তা আগে থেকেই ঠিক ছিল যদিও পুলিশ তার অনুমতি দেয়নি। তবু মিছিল বাতিল হয়নি। বরং কৌশলে বদল আনা হয়। সূত্রের খবর, শনিবার রাতে শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন খাড়্গে রাহুলরা। সেখানে ঠিক হয় রাহুল পায়ে হেঁটে নয় গাড়িতে রামলীলা যাবেন। বন্দোবস্ত করা হবে হুড খোলা গাড়ির। সেই গড়িতে রাহুল একা চাপবেন না থাকবেন মমতা, অখিলেশরাও। সবাই মিলে একসঙ্গে রামলীলায় যাবেন। পুলিশ যদি অনুমতি নেই বলে বাধা দেয় তাহলে সবাই মিলে রাস্তায় বসে ধর্না দেবেন। তবে দিল্লি পুলিশ এত জন বিরোধী নেতা নেত্রীকে এক গাড়িতে দেখে আর বাধা দেওয়ার পথে যায়নি কারণ তাতে অশান্তি বাঁধত। বরং পুলিশ-ই ব্যবস্থা করে দেয় রাহুল,মমতা, অখিলেশ, বেবিদের নিয়ে গাড়ি যাতে নিরাপদে রামলীলায় পৌঁছাতে পারে।

Scroll to Top