৩৬৫ দিন। পাপা গুহ।অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মঙ্গলবার উত্তেজনা ছড়াল হাওড়ার গ্রামীণ জেলার জগৎবল্লভপুর ও উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে। এদিন সকালে জগৎবল্লভপুরে শতাধিক মহিলারা পথ অবরোধ করে, বিক্ষোভ দেখায়। অন্যদিকে দুপুরে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ১৬ নম্বর ওয়ার্ডের শদেড়েক মহিলা। যদিও প্রশাসনের আধিকারিকদের বক্তব্য উপভোক্তাদের আবেদন পত্র “যাচাই করে সেই তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।”
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হয়েছে। পুজোর আগে টাকা পাওয়ার আশায় ছিলেন মহিলারা। যদিও টাকা না পাওয়ায় ফের মহিলাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিল। মঙ্গলবার সকালে জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতের মহাকালহাঁটি এলাকায় মুন্সিরহাট-আমতা রোড অবরোধ করেন শতাধিক মহিলা। তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ গত পাঁচ মাস ধরে তারা টাকা পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের। সচ্ছল পরিবারের মহিলারা প্রতিমাসেই টাকা পাচ্ছেন। বিক্ষোভকারীদের বক্তব্য প্রশাসনের কাছে গেলেও কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে আসে জগৎবল্লভপুর থানার ব্লক প্রশাসনের আধিকারিকরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অন্যদিকে এদিন দুপুরে উলুবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ দেড়েক মহিলা উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসে জড়ো হন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ ৫ মাস সরকার টাকা দিলেও একটি টাকাও তারা পাননি। অথচ তাদের সকলেই পাওয়ার যোগ্য। প্রত্যেকেই গরিব পরিবারের সদস্য। কারো স্বামী অসুস্থ, কেউ সামান্য দিন আনে দিন খায় পরিবারের মহিলা বা গৃহবধূ কিন্তু তারা কেন টাকা পাচ্ছেন না প্রশ্ন তাদের। তারা প্রশাসনের কাছে জানতে চান কেন টাকা পাচ্ছেন না। বিক্ষোভকারীরা জানান প্রশাসনের লোকেরা কোনো সদুত্তর দিতে পারছে না। অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানান মহিলারা।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জগৎবল্লভপুর উলুবেড়িয়ায় বিক্ষোভ মহিলাদের
- khabar365din
- October 27, 2026
- 4:07 pm
- No Comments



