মোর পুকুরে বঙ্গের রথকথা

৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি। জয় জগন্নাথের রথের চাকায় ঐতিহ্যের পরশ, জগদ্ধাত্রী পূজায় রিষড়ার মোর পুকুরে থিম ‘বঙ্গের রথকথা’
শরৎ মানেই দুর্গাপুজোর প্রতীক্ষা আর জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। সেই আবহেই বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে রিষড়ার মোর পুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি। সুবর্ণজয়ন্তী বর্ষে তাদের পুজোর মূল ভাবনা—‘বঙ্গের রথকথা’। এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক নির্মল সরকার জানান রথ কেবল ধর্মীয় প্রতীক নয়, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। সেই ভাবনাকে সামনে রেখে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহাসিক রথের ইতিহাস ও জনজীবনের নানা কাহিনি তুলে ধরা হয়েছে মণ্ডপে। মাহেশ, মহিষাদল, চুঁচুড়া, নাড়াজোল, গুপ্তিপাড়া, রামপাড়া নন্দীবাড়ি, বনকাটি, ঝিকিরা মল্লিকবাড়ি এবং বর্ধমান রাজবাড়ির রথের আদল, নির্মাণরীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই থিমে বিশেষ গুরুত্ব পেয়েছে, মণ্ডপের ভিতরে ঢুকলে বাংলার বিভিন্ন প্রান্তের রথের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে। ঐতিহাসিক রথের স্থাপত্য, নির্মাণশৈলী ও অলংকরণের পাশাপাশি উঠে আসবে মন্দির, রাজবাড়ি, বনেদি বাড়ি, গ্রাম, শহর ও মেলাকে ঘিরে থাকা বাংলার নানা কাহিনি। রথের চাকা, অক্ষ, দড়ি এবং কারিগরদের শ্রম ও নিপুণ শিল্পকলার মধ্য দিয়ে ফুটে উঠবে এই ঐতিহ্যের নানা দিক। দর্শকদের সামনে খুলে যাবে রথকে ঘিরে থাকা মানুষের বিশ্বাস, উত্তরাধিকার ও স্থানীয় ইতিহাসের এক বর্ণময় আখ্যান।
উদ্যোক্তাদের ভাবনায়, রথের রশির টানে যেমন অসংখ্য মানুষের হাত এক হয়, তেমনই বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যও এক সুতোয় বাঁধা পড়ে। শিল্পীদের পরিকল্পনা ও নির্মাণে, আলোক-পরিকল্পনায় এই স্মৃতিযাত্রা পাবে অন্য মাত্রা। রথ থামে, মেলা শেষ হয়, কাঠের গায়ে সময়ের ছাপ পড়ে। কিন্তু মানুষের স্মৃতিতে রথের যাত্রা থামে না। সেই চিরন্তন স্মৃতি, জনজীবনের গল্প ও বাংলার ঐতিহ্যকে এক সূত্রে গেঁথেই মোর পুকুরের সুবর্ণজয়ন্তী বর্ষের নিবেদন—‘বঙ্গের রথকথা’। চন্দননগরের পরেই রিসরাতে জাঁকজমকপূর্ণ জগধাত্রী প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।

Scroll to Top