দিল্লির বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
লোবার গোলে ম্যাচ বাঁচালেন হাবাস

ইস্টবেঙ্গল: ২ (এডমুন্ড, লোবা)
এসসি দিল্লি: ২ (কার্লোস, আশুতোষ)

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। দীর্ঘদিন বাদে বিরতির পর এদিন আবার যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। লোপেজ হাবাস এন্ড কোম্পানির কাছে এই ম্যাচটা ছিল ফিরে আসার লড়াই এবং নিজেদের প্রমাণ করার প্ল্যাটফর্ম। কারণ শেষ ম্যাচে চেন্নাই এর মাঠে ইস্টবেঙ্গল পাঁচ গোল হজম করেছিল। তিনটি গোল করেছিল বটে। কিন্তু ম্যাচটা হেরেছিল এবং তিনটি পয়েন্ট ফেলে এসেছিল। তাই গতবারের চ্যাম্পিয়নরা আজ ঘরের মাঠে যোগ্য জবাব দেবে দিল্লিকে সেটাই আশা করেছিলেন সমর্থকরা। গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে শহরে তাতে এই ম্যাচটা সম্ভব হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু ম্যাচ হল, সমর্থকরাও এলেন, শুধু ইস্টবেঙ্গলের জেতা হল না। বলা ভাল হার বাঁচালো ইস্টবেঙ্গল। দুবার পিছিয়ে পড়ে কাম ব্যাক করল বটে। কিন্তু যারা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে আছে তাদের কাছ থেকে এই ফুটবল আশা করেন না সমর্থকরা। ডুরান্ড কাপের সময় ইস্টবেঙ্গলের ছন্দটা যে জায়গায় ছিল এই মুহূর্তে সেটা অনেক ড্রপ করেছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। শুরুতেই ডান দিক থেকে বিপিন সিংয়ের বাড়ানো বলে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন জোলিনস্কি।
তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধাক্কা খায় দিল্লি। তাদের একজন বিদেশী এবং একজন ভারতীয় ডিফেন্ডার চোট পেয়ে বেরিয়ে যান। মনে হয়েছিল এই সুযোগটা কাজে লাগিয়ে ডমিনেট করবে ইস্টবেঙ্গল। কিন্তু কোথায় কি? দুজন নিয়মিত সেন্টার ব্যাক না থাকা সত্ত্বেও দিল্লি অসম্ভব লড়াই করল। দেখে মনেই হলো না তারা ভয় পেয়ে গিয়েছে। আসলে দিল্লির কোচ টমাস এক সময় মোহনবাগানে কিবুর সহকারী ছিলেন। কলকাতার ফুটবল এবং তার পাল্স জানা আছে তার। বক্সের মধ্যে আইমেনকে ট্যাকল করতে গিয়ে ফাউল করে বসেন রশিদ। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি কার্লোস ফর্তেস। ৪০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে সমতায় ফিরিয়ে আনেন এডমন্ড। দেখার মতো শটে দিল্লির গোলরক্ষক নরাকে পরাস্ত করেন তিনি। ৬৬ মিনিটে। হার্দিকের ভুলে কর্নার পেয়ে যায় এসসি দিল্লি। সেই কর্নার থেকেই প্রথমে বলের দখল নেন আশুতোষ মেহতা। ফিরতি বল পেয়ে জালে পাঠিয়ে দেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় দিল্লি। অনেক সমর্থকরা তখন ধরে নিয়েছেন ইস্টবেঙ্গল বোধহয় এই ম্যাচটাও হারতে চলেছে। তবে সম্মান রাখলেন লোবা। দানির পা হয়ে একটা বল ধরে সেকেন্ড পোস্টে ফিনিশ করেন। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল একটা পয়েন্ট পেল। লিগ তালিকায় ৫ নম্বরে এল। শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে। তবে এডমুন্ডের চোট চিন্তায় রাখবে হাবাসের দলকে। হাতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

Scroll to Top