ট্রেন বা স্টেশনে জোরে ফোনে কথা কিংবা স্পিকারে গান বাজালেই শাস্তি!

খবর ৩৬৫ দিন। সুমন আদক। হাওড়া।  ট্রেনের কামরায় কিংবা রেলস্টেশন চত্বরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা, স্পিকারে গান বা ভিডিও চালানো কিংবা জোরে রিংটোন বাজিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করলে এবার আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। রেলযাত্রাকে শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব করে তুলতে মোবাইল ফোন ব্যবহারে সংযমী হওয়ার নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। রেল বোর্ডের নির্দেশ মেনে পূর্ব রেলের সমস্ত ডিভিশনকে এই বিষয়ে সচেতনতা প্রচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, মোবাইলে গান বা ভিডিও দেখার সময় স্পিকার ব্যবহার না করে ইয়ারফোন ব্যবহার করতে। পাশাপাশি ট্রেন বা স্টেশন চত্বরে উচ্চস্বরে কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলা এবং মোবাইলের রিংটোন অতিরিক্ত জোরে রাখা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে এসি কামরায় এ ধরনের আচরণ অন্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় বলে রেলের বক্তব্য।
যাত্রীদের সচেতন করতে স্টেশনগুলিতে আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করা হবে। বিভিন্ন স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায়, বিশেষত এসি কোচে, সচেতনতামূলক পোস্টার ও স্টিকার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ইয়ারফোন ব্যবহার, ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা এবং সহযাত্রীদের কথা মাথায় রেখে শব্দ নিয়ন্ত্রণের আবেদন জানানো হবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের আচরণ বিরক্তি বা বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছলে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৪৫ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ওই ধারায় সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অনুমোদিত ক্ষমতার আওতায় টিকিট পরীক্ষক পদমর্যাদার বা তার ঊর্ধ্বে সংশ্লিষ্ট বাণিজ্যিক কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এই নির্দেশ কার্যকর করতে পূর্ব রেলের সমস্ত ডিভিশনকে সচেতনতা প্রচারের পাশাপাশি প্রয়োজনে নেওয়া পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের পারস্পরিক সম্মান, দায়িত্বশীল আচরণ এবং শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে রেলযাত্রাকে সকলের জন্য আরও শান্তিপূর্ণ ও আরামদায়ক করে তোলার আবেদন জানিয়েছে পূর্ব রেল।

Scroll to Top