৩৬৫ দিন। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড হুগলির খানাকুলে। এক বিজেপি কর্মীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল। নিহত বিজেপি কর্মীর নাম হেমন্ত রানা (৪২)। কিশোরপুর–২ পঞ্চায়েতের চুয়াডাঙার বাসিন্দা হেমন্তকে রাতে বাড়ি ফেরার পথে ছুরি দিয়ে কোপানো হয়। আরামবাগ মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। ঘটনায় মনসা রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও বিজেপির সক্রিয় কর্মী। অভিযুক্তের বাড়িতে পাল্টা ভাঙচুরও হয়েছে। স্থানীয় মণ্ডল সহ-সভাপতি বিকাশ মণ্ডলের দাবি, এই খুনের পিছনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। যদিও বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার ঘটনাকে দুই পরিবারের বিবাদ বলে ব্যাখ্যা করছেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় একটি পার্টি অফিস কার দখলে থাকবে তা নিয়ে বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডোগোল চলছিল। যে ব্যক্তি খুন হয়েছেন তিনি মণ্ডল সহ সভাপতি ঘনিষ্ঠ। তাকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি সীমা মিশ্র ঘনিষ্ঠ মনসার বিরুদ্ধে। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার এ প্রসঙ্গে বলেন, ‘এটা দুই পরিবারের দ্বন্দ্ব। ওরা সবাই বিজেপির সমর্থক। তাই বলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ঘটেছে, সেটা বলা ঠিক নয়।’ হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি ড. কুনওয়ার ভূষণ সিং জানিয়েছেন, মূল অভিযুক্ত গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ চলছে। নতুন করে অশান্তি হয়নি।
খানাকুলে পার্টি অফিস দখল ঘিরে সংঘাত, খুন বিজেপি কর্মী
- khabar365din
- November 20, 2026
- 2:46 pm
- No Comments




