বীরভূমে সমাজবিরোধীর গুলিতে আহত কনস্টেবলকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। বোলপুরে দুষ্কৃতি  গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে ৫ লক্ষ টাকা পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাতে আহত বিশ্বজিৎ দাসকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী আহত কনস্টেবল সহ চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওর চিকিৎসার সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে ওকে কলকাতায় এনে চিকিৎসা করা হবে। খুবই সাহসী ছেলে। ওকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি ৫ লক্ষ টাকা পুরস্কার দিয়ে গেলাম।’ উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার এলাকায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস গুলিবিদ্ধ হন।
পুলিশ সূত্রের খবর, নানুরের সাতরা গ্রামের বাসিন্দা ওই অভিযুক্তের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক কারবার সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। তাকে ধরতে গিয়েই অভিযুক্ত পুলিশ কর্মীকে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অভিযুক্তর বিরুদ্ধে ৩৬ টা কেস ছিল। ভোট লুট করেছিল। কী করে ওই ব্যক্তি বেল পেয়েছিল তা তদন্ত করা হচ্ছে। আমরা ব্লিচিং, ফিনাইল দিয়ে সমাজ পরিষ্কার করতে করতে যাচ্ছি। সব পরিষ্কার হয়ে যাবে। পুলিশকে গুলি করতে এসেছিল, তারপর গুলি করে। পুলিশকে পকেটে রাখার জন্য গুলি দেওয়া হয়নি। ব্যবহার করার জন্যই দেওয়া হয়েছে। খুনি, গুন্ডা, ধর্ষকদের বিরুদ্ধে খোলা ছুট দেওয়া আছে পুলিশকে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Scroll to Top