৩৬৫ দিন। নয়াদিল্লি। কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রকের তরফে নির্দিষ্ট কোন গাইডলাইন না থাকার সুযোগ নিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলি ইচ্ছেমতো বিমানের ভাড়া বাড়িয়ে চলেছে। যার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে বিমান ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে গিয়েছে প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত। অবিলম্বে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্দেশ্যে নির্দিষ্ট গাইডলাইন জারি করার মতো হস্তক্ষেপ করে দেশবাসীকে সুরাহা দেওয়ার ব্যবস্থা করুক। এমন আবেদন জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থের মামলা এক কথায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ মামলার বক্তব্য শুনেই এক কথায় জানিয়ে দিলেন, পোষাবে না তো বিমানে উঠবেন না!
উৎসবের মরশুম এলেই আকাশছোঁয়া বিমানভাড়া নিয়ে সাধারণ যাত্রীদের ক্ষোভ ও ভোগান্তি নতুন কিছু নয়। বিমানযাত্রীদের বিপুল এই চাহিদার সুযোগ নিয়ে এক ধাক্কায় বিমানের টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে কিছু রুটে বিমানভাড়া প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। দীপাবলির আগে যখন বিমানভাড়া বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তখন এই মামলা করা হল। বেশ কয়েকটি ডোমেস্টিক রুটের ভাড়া স্বাভাবিক ভাড়ার থেকে তিনগুণ বেশি, এমনকী কিছু টিকিটের দাম স্বাভাবিক ভাড়ার চারগুণেরও বেশি। এর মধ্যে দিল্লি-মুম্বই রুটে সবচেয়ে বেশি ভাড়া বৃদ্ধি দেখা গিয়েছে। ৭ নভেম্বর দিল্লি থেকে মুম্বই যাওয়ার একটি এয়ার ইন্ডিয়ার টিকিটের দাম ছিল ২৬৫৬০ টাকা, যেখানে স্বাভাবিক ভাড়া থাকে প্রায় ৫০০০ টাকার আশেপাশে। প্রায় ৪৩১ শতাংশ বেশি। বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে বেশ কয়েকমাস ধরে সরকারের তরফ থেকে আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার গত ১৬ অক্টোবর জানিয়েছিল যে, তারা ১৪ দিনের মধ্যে বিমান ভাড়ার হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়টি মোকাবিলা করার জন্য একটি কাঠামো চূড়ান্ত করবে। ৩০ অক্টোবরের মধ্যে সেই কাঠামো নির্ধারণ করার কথা বলা হয়েছিল। তবে সেই প্রস্তাবিত কাঠামো এখনও বাস্তবায়িত হয়নি। আর এর ফলেই বিমান ভাড়া সর্বোচ্চসীমা নিজেদের ইচ্ছেমতো ঠিক করতে শুরু করেছে বিমান সংস্থাগুলি।
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে বিষযটি জরুরি শুনানির জন্য তুলে ধরা হয়। জনস্বার্থ মামলার আবেদনকারী আইনজীবী সওয়াল করেন যে, উৎসবের সময় টিকিটের দাম প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত লাফিয়ে বাড়ছে। তখন সুপ্রিম কোর্টের তরফে মন্তব্য করা হয়, বিমানে চড়বেন না। এর জবাবে আইনজীবী দাবি করেন, বর্তমান যুগে বিমান পরিষেবা আর বিলাসবহুল বিষয় নয়, এটি অত্যাবশ্যক পরিষেবার মধ্যে পড়ে। ফলে এই ধরণের অনিয়ন্ত্রিত ভাড়াবৃদ্ধি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত নাগরিকদের সমতার অধিকার আইনের পরিপন্থী। যদিও তাতে কর্ণপাত করতে চায়নি সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এর আগেও বিমান সংস্থাগুলির ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর প্রবণতা নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সমাজকর্মী এস লক্ষ্মীনারায়ণনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় বিমানভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনা, যাত্রীদের অধিকার সুরক্ষা এবং অসংলগ্ন ভাড়ার ওঠানামা নিয়ন্ত্রণে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানানো হয়। চলতি বছরের জানুয়ারি মাসে সেই মামলার শুনানিতে উৎসবের মরশুমে ভাড়াবৃদ্ধিকে যাত্রীদের প্রতি এক ধরণের শোষণ বলে মন্তব্য করেছিল দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে কেন্দ্র ও অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা-কে এই বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
বৃদ্ধি পেয়েছে বিমান ভাড়া
বিমানে চড়া ছেড়ে দিন মামলা খারিজ সুপ্রিম কোর্টের
- khabar365din
- November 3, 2026
- 2:20 pm
- No Comments




