৩৬৫ দিন। দশমীর রাতে হাড়হিম হত্যাকাণ্ড। বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে অন্তত ২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। নিহত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। মালদার ইংরেজবাজারের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, দশমীর রাতে যখন প্রতিমা বিসর্জন নিয়ে সকলে ব্যস্ত ছিল তখন আচমকা
১৫-২০ জন দুষ্কৃতীর একটি দল সমীরের বাড়িতে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সমীরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে শুরু করে। সে যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে তখন তাকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এলাকা ফাঁকা থাকায় তারা অবাধে সেখান থেকে বেরিয়ে যায় খুনের পর। হত্যাকাণ্ডের খবর চাউর হতে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনাস্থলে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। মালদা জেলা পুলিশ সূত্রে খবর, কী কারণে এই খুন কারা খুনের পেছনে আছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যে ভাবে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। কয়েকটি সূত্র সামনে এসেছে। তার ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ভোটের আগে থেকেই সমীরকে হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের ফল বেরনোর পরেও তাকে শাসানো হয়েছিল। এই খুন রাজনৈতিক হত্যাকাণ্ড।






