৩৬৫ দিন। মন্দিরে পুজো দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে গিয়েছিল নাবালিকা সেখানেই পুলিশ পরিচয় দিয়ে তিন জন মিলে ধর্ষণ করল তাকে! কয়েকদিনের ব্যবধানে দিল্লিতে ফের গণধর্ষণ। রাতভর অভিযানের পর এক অভিযুক্তকে ধরেছে পুলিশ যদিও তাকে ধরতে গিয়ে রীতিমত গুলির লড়াইয়ে নামতে হয় দিল্লি পুলিশকে। সূত্রের খবর, সোমবার বিকেলে দিল্লির কালকাজি মন্দিরে পুরুষ বন্ধুকে নিয়ে পুজো দিতে গিয়েছিল এক ১৭ বছরের নাবালিকা। পুজো দিয়ে মন্দিরের পাশে একটি পার্কে বসে গল্প করছিল তারা। সেই সময় সেখানে হাজির হয় তিনটি ছেলে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নানা রকম ভাবে তাদের ভয় দেখাতে শুরু করে। এরপর ওই নাবালিকার পুরুষ বন্ধুকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তিন জন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে। রাত ৯ টা নাগাদ স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বয়ান রেকর্ডের পর রাতেই অভিযানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে একজনের খোঁজ পায় তারা। তবে তাকে ধরতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বলে দাবী পুলিশের। অভিযুক্ত ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে জখম হয় ওই ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লিতে পর পর গণধর্ষণের ঘটনা ঘটলেও তা কেন আটকানো যাচ্ছে না। বিরোধীদের অভিযোগ, এর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নিতে হবে। কারণ দিল্লি পুলিশ তাদের অধীনে কাজ করে। ছাত্র আন্দোলন দমন করতে দিল্লি পুলিশ যে সক্রিয়তা দেখায় তা আইনশৃঙ্খলা রক্ষায় কেন দেখা যায় না প্রশ্ন তাদের। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপি বলছে, ধর্ষণ সামাজিক ব্যধি।এটা কোনো রাজ্য বা সরকারের ব্যাপার নয়। কংগ্রেসের আমলে দিল্লির বাসে গণধর্ষণ পরে ধর্ষিতার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিজেপির পাল্টা প্রশ্ন এই ঘটনার সময় তো দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল তখন কেন ব্যবস্থা নেওয়া যায়নি!
দিল্লির পার্কে নাবালিকাকে পুলিশ পরিচয় দিয়ে গণধর্ষণ, গুলির লড়াইয়ের পর একজনকে ধরল পুলিশ
- khabar365din
- September 23, 2026
- 12:59 pm
- No Comments





