৩৬৫ দিন। সুমন আদক। হাওড়া। কয়েক ঘণ্টা আগেও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে ফিরছিলেন হাসিমুখে। গন্তব্য ছিল বাড়ি। কিন্তু সেই ফেরার পথেই বালি স্টেশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়াগামী ট্রেনে ওঠার সময় প্রবল ভিড়ের মধ্যে পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। জখম হয়েছেন আরও দু’জন। মৃতের নাম সুধাংশু কুমার নামকীর্তন। আহত সুকুমার রামকে আশঙ্কাজনক অবস্থায় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত নরেশ চন্দ্র গড়াইয়েরও চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে পাঁচজনের একটি দল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো সেরে তাঁরা বালি স্টেশনে পৌঁছে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময়ই ঘটে ওই বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে তখন প্রবল ভিড় ছিল। ভিড়ের মধ্যেই আচমকা ভারসাম্য হারিয়ে তিনজন ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধাংশু কুমারের। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বালি স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও প্রশাসন। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও ওই পুণ্যার্থী দলের সদস্য সুভাষ বাউরি জানান, তাঁরা সালানপুর থেকে মোট পাঁচজন দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলেন। তাঁর কথায়, ‘‘বালি স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। ট্রেনে উঠতে গিয়ে তিনজন স্লিপ করে পড়ে যায়। সুধাংশু কুমার নামকীর্তন মারা গিয়েছেন। নরেশ চন্দ্র গড়াই এবং সুকুমার রাম আহত হয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।’’ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ফেরার পথে এমন দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই বদলে যায় গোটা দলের ছবিটা। পুণ্যস্নান, পুজো আর বাড়ি ফেরার আনন্দকে ছাপিয়ে এখন তাঁদের সঙ্গী এক সহযাত্রীর মৃত্যুর শোক।
দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ফেরার পথেই মৃত্যু !
বালি স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল পুণ্যার্থীর, আহত ২





