৩৬৫ দিন। দক্ষিণ ভারতের কুইন অব দ্য হিলস বা পাহাড়ের রানি হিসেবে পরিচিত উটি। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই শৈলশহর প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্র। সবুজ পাহাড়, কুয়াশা, পাইন বন, চা-বাগান ও মনোরম আবহাওয়ার পাশাপাশি উটির রয়েছে সিনেমার সঙ্গেও এক দীর্ঘ সম্পর্ক। বলিউডের একাধিক জনপ্রিয় ছবির শুটিং হয়েছে এই শহর ও তার আশপাশের এলাকায়। ফলে বড় পর্দায় বহুবার ধরা পড়েছে উটির প্রাকৃতিক সৌন্দর্য।৫ শুটিং স্পট
উটি রেলওয়ে স্টেশন
উটির অন্যতম আকর্ষণ নীলগিরি মাউন্টেন রেলওয়ে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় থাকা এই ঐতিহ্যবাহী রেলপথ একাধিক সিনেমা ও অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে। তবে বলিউডপ্রেমীদের কাছে এর সবচেয়ে স্মরণীয় উপস্থিতি ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে। শাহরুখ খান ও মালাইকা অরোরাকে চলন্ত ট্রেনের উপর নাচতে দেখা যায় এই গানে। পাহাড়ি রেলপথ, সবুজ প্রকৃতি এবং নীলগিরির মনোরম দৃশ্য গানটির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
পাইকারা লেক
উটির আরেক জনপ্রিয় শুটিং স্পট পাইকারা লেক। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির বেশ কিছু দৃশ্যের মধ্যে পাইকারা লেকের দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছিল। ছবিতে প্রেমের চরিত্রে অভিনয় করা রণবীর, জেনি অর্থাৎ ক্যাটরিনাকে এখানে বিয়ের প্রস্তাব দেন। বর্তমানে পর্যটকদের কাছেও পাইকারা লেক অত্যন্ত জনপ্রিয়। লেকের নীল জল ও পাহাড়ি পরিবেশে বোটিং-সহ নানা বিনোদনের সুযোগ রয়েছে।
পাইন ফরেস্ট
উটির সিনেমার শুটিং স্পটগুলির তালিকায় পাইন ফরেস্টের নাম থাকবেই। একাধিক হিন্দি ছবির দৃশ্য ও গানের জন্য ব্যবহৃত হয়েছে এই বনাঞ্চল। ‘কয়ামত সে কয়ামত তক’-এর জনপ্রিয় গান ‘গজব কা হ্যায় দিন’ থেকে শুরু করে ‘রাজ’, ‘দিওয়ানা’, ‘রাবণ’, ‘বরফি’-সহ একাধিক ছবিতে পাইন বনের সৌন্দর্য দেখা গিয়েছে। সুউচ্চ পাইনগাছের সারি, আলো-ছায়ার খেলা এবং পাহাড়ি পরিবেশ সিনেমার দৃশ্যকে দিয়েছে আলাদা মাত্রা।
ওয়েস্টার্ন ক্যাচমেন্ট এরিয়া
প্রথম প্রেমের আবেগকে পর্দায় তুলে ধরা ‘পেহলা নাশা’ গানটির সঙ্গেও জড়িয়ে রয়েছে উটির নাম। ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবির এই জনপ্রিয় গানটির শুটিং হয়েছিল ওয়েস্টার্ন ক্যাচমেন্ট এরিয়ায়। আমির খান ও আয়েশা ঝুলকার উপস্থিতিতে পাহাড়, খোলা আকাশ এবং প্রকৃতির আবহ গানটিকে আজও স্মরণীয় করে রেখেছে।
বোটানিক্যাল গার্ডেন
উটির বোটানিক্যাল গার্ডেনও বলিউডের শুটিংয়ের পরিচিত ঠিকানা। সালমান খান ও ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির কিছু অংশের শুটিং হয়েছিল এখানে। বিশেষ করে ‘কবুতর যা যা’ গানের দৃশ্যে উটির সবুজ প্রকৃতি ও বাগানের সৌন্দর্য নজর কেড়েছিল।প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য উটি বরাবরই পর্যটকদের কাছে জনপ্রিয়। আর বলিউডের জনপ্রিয় সব সিনেমা ও গানের হাত ধরে এই পাহাড়ি শহরের সৌন্দর্য পৌঁছে গিয়েছে দেশের অগণিত দর্শকের ঘরে। তাই উটিতে বেড়াতে গেলে শুধু পাহাড়-জঙ্গল নয়, প্রিয় সিনেমার দৃশ্যের সঙ্গে মিলে যাওয়া সেই পরিচিত জায়গাগুলিও খুঁজে দেখা যেতে পারে।


