৩৬৫ দিন। মাত্রাতিরিক্ত ব্রোমেটের পর এবার কলিফর্ম ব্যাকটেরিয়া! ফের প্রশ্নের মুখে বিসলারির পানীয় জল। এবার বিসলারির ‘বিষ’ জলে নাম জড়াল পশ্চিমবঙ্গের। এফএসএসআই সূত্রে জানা যাচ্ছে জলপাইগুড়ির তেলিপাড়ায় বিসলারির একটি প্ল্যান্ট থেকে কয়েকদিন আগে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই নমুনা পরীক্ষার পর যে রিপোর্ট এসে তা রীতিমত উদ্বেগজনক।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে তেলিপাড়ার প্ল্যান্টের জলে পাওয়া গিয়েছে কলিফর্ম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া পেটে গেলে মারাত্মক অসুখ হতে পারে। এর প্রভাবে সাধারণ পেট খারাপ থেকে ডায়েরিয়া, কলেরা, ফাইটয়েডের মত রোগ হতে পারে যাতে শেষ পর্যন্ত রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কী ভাবে বিসলারির জলে এই ব্যাকটেরিয়া এল? এফএসএসআই বলছে, কলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত নর্দমার দূষিত জলে থাকে। কোনও ভাবে বিসলারির পাইপ লাইন ফেটে গিয়ে নর্দমার জলের সঙ্গে পাইপের জল মিশে গিয়ে বিপত্তি ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষেতি বিসলারির বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে বলে খবর। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছে না বিসলারি। তারা বলছে, তাদের জলপাইগুড়ি প্ল্যান্ট থেকে নেওয়া জলের নমুনা তিনটি ল্যাবে পাঠানো হয়েছিল তার মধ্যে একটি প্ল্যান্টে কলিফর্ম পাওয়া গেলেও বাকি দুই ল্যাবে ব্যাকটেরিয়া মেলেনি তাই জলের নমুনা আরো কোনো ল্যাবে পরীক্ষা করে দেখা হোক। জানা গিয়েছে, ব্যাকটেরিয়া পাওয়া যাওয়া জলটি ‘পিবি ২০১’ ব্যাচের। রিপোর্ট সামনে আসার পরই এই ব্যাচের জল বিক্রি বন্ধ করা হয়। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে।






