৩৬৫ দিন। অন্তঃসত্ত্বা মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোকওভেন থানার তাঁতিপাড়ায় শনিবার ভোরে একটি বাড়ির সামনে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন শম্ভুনাথ ঘোষ নামে এক ব্যক্তি। শম্ভুনাথ নাইট গার্ডের কাজ সেরে ভোরে বাড়ি ফিরছিলেন সেই সময় তার বাড়ির সামনে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন তিনি। মহিলার পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। শম্ভুনাথের চিৎকারে আশপাশের লোকজন জেগে যান তারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই ঘটনা দেখে চমকে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত মহিলার নাম কবিতা সরকার। বাড়ি রানিগঞ্জে। বয়স আনুমানিক ৪০ বছর। তাঁতিপাড়ার বাসিন্দা শুভাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে ওই মহিলার যাতায়াত ছিল। শনিবার সকাল আনুমানিক পৌনে ছয়টা নাগাদ বাড়ি ফিরছিলেন সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দার শম্ভুনাথ। তাঁর দাবি, তখনই তিনি দেখেন দরজার সামনে পড়ে রয়েছে অজ্ঞাতপরিচিত মহিলার মৃতদেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মহিলাকে খুন করা হয়েছে। শুভাশিস নামে যে ব্যক্তির বাড়িতে কবিতার আনাগোনা ছিল তার বয়ানে কিছু অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ তবে এখনো বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। অন্তঃসত্ত্বা মহিলাকে কেন খুন করা হল এই বিষয়টিই স্পষ্ট নয়। পুলিশের সন্দেহ কবিতার সঙ্গে শুভাশিসের অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে কবিতা সন্তানসম্ভবা হয়ে পড়লে দু জনের মধ্যে ঝামেলা বাঁধে তার জেরেই এই খুন। গোটা ঘটনার মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাদের বিষয়-ও থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে এখন-ই এই নিয়ে সরকারি ভাবে কিছু জানাচ্ছে না তারা। পুলিশের দাবি সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। নির্দিষ্ট কিছু সূত্র হাতে এসেছে তার ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে।






