৩৬৫ দিন।রোহণ রায় চৌধুরী। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে আজ পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মোট ১১ বার সাক্ষাৎ হয়েছে। নয়বার জিতেছে মোহনবাগান। ড্র হয়েছে দুটি। ইস্টবেঙ্গলের জয় এখনও অধরা। কিন্তু অধরা বলে পৃথিবীতে কোনও জিনিস হয় না। লেগে থাকলে এবং চেষ্টা করে গেলে একদিন না একদিন অধরা জিনিসটাও ধরা দেয়। রবিবার সন্ধ্যায় যুবভারতীতে আইএসএলে বাগানের বিরুদ্ধে সেই অধরা জয় পেতে নামবে ইস্টবেঙ্গল। যদিও তাদের ডিফেন্সের আনোয়ার এবং আক্রমণ ভাগের এডমুন্ড নেই, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচটা জয় ছাড়া অন্য কিছু দেখতে রাজি নয় মশাল বাহিনী। তাদের এই স্বপ্ন দেখার অধিকার দিয়েছেন লোপেজ হাবাস। শনিবার সাংবাদিক সম্মেলনে লাল হলুদের হেড স্যার উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন ডেভিড। হাবাস বললেন, এর আগে আমি মোহনবাগানে অথবা কাশিতে যে ফিলোজফি দিয়ে ফুটবল খেলিয়েছি, ইস্টবেঙ্গলও সেই চেষ্টা করছি। অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন।
কিন্তু আমি আমার বিশ্বাসের প্রতি অটল। ফুটবলে পরিসংখ্যান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা হল বই পড়ে বন্ধ করে রেখে দেওয়ার মতো। আর যদি বলেন আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারিনি, তাহলে আমি বলব আমি ছিলাম না তাই পারেনি। এখন আমি আছি। এখন নতুন হিসাব। কথাগুলো বলার সময় তার চোয়াল শক্ত হয়ে আসছিল। আসলে দীর্ঘদিন মোহনবাগানের হয়ে এই ম্যাচে কোচিং করিয়েছেন। ফলে পালস তার কাছে অজানা নয়। শুধু বদলে গিয়েছে জার্সিটা। পাশে বসা ডেভিড বললেন তার কাছে একমাত্র লক্ষ্য হবে এই ম্যাচে গোল পাওয়া। যে কারণে তাকে দল ভরসা করে নিয়েছে ডার্বিতে গোল করে তার মর্যাদা রক্ষা করতে চান। আগের ম্যানেজার অস্কারের সময় খুব একটা সুযোগ পেতেন না এই তরুণ স্ট্রাইকার। কিন্তু হাবাস ভরসা রেখেছেন। ডেভিডও প্রত্যাশা পূরণের চেষ্টা করে চলেছেন। ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে আফ্রিকান লোবা, পোল্যান্ডের লুকাসের মতো বিদেশি রয়েছে। ভারতীয়দের মধ্যে বিপিন, বিষ্ণু, জিকসন, রোহিত দানু রয়েছেন। আর ডিফেন্সে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ দিয়েগোর পাশে সন্দীপ, লাল, জয় গুপ্ত আছেন। হাবাস জানেন বড় জেতার মন্ত্র। এখন দেখার মাঠে তার ছেলেরা নিজেদের কতটা মেলে ধরতে পারে।
আইএসএলে প্রথমবার মোহনবাগানকে হারানোর শপথ ইস্টবেঙ্গলের, তৈরি হাবাস
- khabar365din
- November 28, 2026
- 4:52 pm
- No Comments






