৩৬৫ দিন।রোহণ রায় চৌধুরী। বাংলাদেশের বসুন্ধরা কিংস থেকে প্রথমে ব্রাজিলের রবসন রবিনহোকে সই করিয়েছিল মোহনবাগান। একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। গত বছর ইস্টবেঙ্গলের ভারত সেরা হওয়ার অন্যতম কারিগর মিগুয়েলকে তুলে নিয়েছিল বাগান। আশা করা গিয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে গোল্ডেন বল পাওয়া ফুটবলার দুর্দান্ত পারফর্ম করবেন সবুজ মেরুন জার্সিতে। কিন্তু সব ভাবনা অনুযায়ী কাজ হয় এমনটা নয়। বস্তুত, মোহনবাগানে সই করার পর থেকে ফিটনেসই মূল সমস্যা মিগুয়েলের। চোটের জন্য শেষ চার ম্যাচ খেলেননি তিনি। সেই চোটের ধাক্কা কাটিয়ে সদ্যই অনুশীলনে নেমেছেন মিগুয়েল।
দিন দুই পুরোদমে অনুশীলনও করেন। মোটামুটি ঠিক ছিল ডার্বিই হতে চলেছে তাঁর কামব্যাক ম্যাচ। কিন্তু সেই ডার্বির আগেই তাঁকে আচমকা দেশে ফিরে যেতে হল। শনিবারই তিনি ব্রাজিল উড়ে গিয়েছেন বলে খবর। যার ফলে মিগুয়েলকে ছাড়াই ডার্বির পরিকল্পনা করতে হবে কোচ দিলেমপেরিসকে। তিনি অবশ্য সাংবাদিক বৈঠকে মিগুয়েলের জন্য প্রার্থনা করেছেন। তাঁর আশা, ব্রাজিলিয়ান তারকার পরিবারে সবটা ঠিক রয়েছে। যদিও মিগুয়েলের অনুপস্থিতিতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় মোহনবাগানের। মিগুয়েলকে ছাড়াই পরপর ম্যাচ জিতে আসছে সবুজ-মেরুন শিবির। গত ম্যাচেই চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচ না খেললেও যতক্ষণ ছিলেন ততক্ষণ নির্ভরতা দিয়েছিলেন দলকে। চার্চিলের বিরুদ্ধে মোহনবাগানের দুটি গোলের পিছনেই ভূমিকা ছিল ম্যাকলারেনের। আপাতত কোচ পানোস তিনটে ডার্বি খেলেছেন। দুটো জিতেছেন একটা হেরেছেন। এইটা হতে চলেছে তার চার নম্বর বড় ম্যাচ। নিঃসন্দেহে মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা যদি বেঞ্চে থাকতেন তাতে বাগান শিবিরের যে মানসিক শক্তি বৃদ্ধি পেত সন্দেহ নেই। কিন্তু কোচ এবং বাকি ফুটবলাররা (একমাত্র সাহাল ছাড়া) প্রত্যেকেই প্রস্তুত আছেন। অভিষেক টেকচাম কিছুটা ক্লান্ত। তবে তিনি বেঞ্চে থাকবেন। ইস্টবেঙ্গলের অন্যতম শক্তিশালী জায়গা মাঝমাঠ। এখানে রশিদ এবং দানি রামিরেজ অনেকটা জায়গা নিয়ে খেলেন। এই জায়গাটাই নিজেদের দখলে আনতে হবে বাগানকে। তার জন্য অনুশীলনে গ্রিক কোচ বারবার অনিরুদ্ধ, আপুইয়া এবং সামিরকে নিয়ে আলাদা আলোচনা করেছেন বারবার। ইস্টবেঙ্গল আল হোসেনের বিপক্ষে একটা নিশ্চিত হারা ম্যাচ শেষ পর্যন্ত জিতে ফিরেছে। এটা কিছুটা হলেও আত্মবিশ্বাসী করে তুলবে তাদের। তবে মোহনবাগান কোচ ওসব নিয়ে ভাবতে চান না। নিজের দলের ডিফেন্স এবং মাঝমাঠ শক্তিশালী করেই জয়ের জন্য ঝাপাবেন তিনি। এই মুহূর্তে ছটা ম্যাচ খেলে টেবিলের শীর্ষে রয়েছে বাগান। দুটি ম্যাচ কম খেলে সপ্তম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। বাগানের ঝুলিতে ১৫ পয়েন্ট। ইস্টবেঙ্গলের সাত পয়েন্ট। অর্থাৎ পরের দুটো ম্যাচ জিতলেও লাল হলুদ পৌঁছবে ১৩ পয়েন্টে। জাতীয় মোহনবাগানের থেকে দুই পয়েন্টে পিছিয়ে থাকবে তারা। তাই মোহনবাগান জানে প্রথম টার্গেট জয়। ড্র হলেও খারাপ হবে না তাদের পক্ষে। কিন্তু যে দলে জেমি, চাংতে, দেজন, লিস্টনদের মতো ফুটবলার রয়েছে তারা ড্র নয়, জিতেই মাঠ ছাড়তে চাইবে।






